প্রেমের সম্পর্ক এবার পেল নতুন স্বীকৃতি। শুক্রবার নিউ টাউনের এক অভিজাত হোটেলে পরিবার ও ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে বাগদান সারলেন টলিপাড়ার জনপ্রিয় তারকা জুটি অনুভব কাঞ্জিলাল(Anubhav Kanjilal) ও অনুষ্কা চক্রবর্তী(Anushkaa Chakraborty)। প্রায় সাড়ে তিন বছরের সম্পর্কের পর আংটি বদল করে জীবনের নতুন অধ্যায়ে পা রাখলেন তাঁরা।
শুধু সাজসজ্জা বা অনুষ্ঠানের আবহেই নয়, বাগদানের আয়োজনেও ছিল একেবারে খাঁটি বাঙালিয়ানার ছোঁয়া। আর বাঙালির কোনও শুভ অনুষ্ঠান জমজমাট ভোজ ছাড়া সম্পূর্ণ হয় নাকি! অনুভব-অনুষ্কার বাগদানেও অতিথিদের জন্য ছিল একের পর এক মুখরোচক বাঙালি পদ।
অতিথি আপ্যায়নের শুরুতেই আড্ডার সঙ্গী হয়েছিল গরম গরম মুচমুচে ফিশফ্রাই। এরপর মূল ভোজে সাজানো হয়েছিল বাঙালির চেনা পছন্দের একাধিক পদ। ধোঁয়া ওঠা সাদা ভাতের পাশাপাশি ছিল সুগন্ধি পোলাও এবং ফুলকো গরম লুচি।
তবে মেনুর অন্যতম আকর্ষণ ছিল ইলিশ মাছের মাথা দিয়ে কচুশাক। সঙ্গে ছিল মুখরোচক কচুপাতা চিংড়ি, মালাইয়ের স্বাদে ভরা দই কাতলা এবং মশলাদার জম্পেশ খাসির মাংস। অর্থাৎ, বাঙালি ভোজের প্রায় সমস্ত প্রিয় স্বাদেরই দেখা মিলেছিল এই বিশেষ দিনের মেনুতে।
শেষ পাতে অবশ্য বাদ যায়নি বাঙালির চিরাচরিত মিষ্টিমুখ। ভোজের শেষে পরিবেশন করা হয় মুচমুচে পাঁপড়, চাটনি, গাঢ় ক্ষীরের পায়েস এবং নানা ধরনের ঐতিহ্যবাহী মিষ্টি।
পরিবার ও একান্ত প্রিয়জনদের নিয়ে ঘরোয়া অথচ এলাহি আয়োজনে বাগদানের দিনটি উপভোগ করেছেন অনুভব ও অনুষ্কা। আংটি বদলের মাধ্যমে চলতি বছরেই তাঁদের নতুন সম্পর্কের আনুষ্ঠানিক সূচনা হলেও, বিয়ের জন্য আরও বড় আয়োজনের পরিকল্পনা রয়েছে।
জানা যাচ্ছে, ২০২৭ সালে বেশ বড় করে বিয়ের অনুষ্ঠান আয়োজনের পরিকল্পনা রয়েছে এই তারকা জুটির। ফলে বাগদানের পর এবার অনুরাগীদের নজর তাঁদের বহুল প্রতীক্ষিত বিয়ের অনুষ্ঠানের দিকে।

Hello friends, Myself Biplab. I have been writing horoscopes since 2019. Since 2022, I have also been writing about entertainment, lifestyle, and trending news.