বারুইপুরে রাতভর অভিযান, গ্রেফতার আরও ২২! পিটিয়ে খুন ও তাণ্ডব চালানোর ঘটনায় ধৃত বেড়ে ৪০

বারুইপুরে কিশোরীর দেহ উদ্ধারকে কেন্দ্র করে ছড়িয়ে পড়া অশান্তি, ভাঙচুর, অগ্নিসংযোগ এবং গণপিটুনির ঘটনায় পুলিশের অভিযান আরও জোরদার হয়েছে। বুধবার ১৮ জনকে গ্রেফতারের পর রাতভর তল্লাশি চালিয়ে আরও ২২ জনকে আটক করেছে পুলিশ। ফলে এই ঘটনায় মোট গ্রেফতারের সংখ্যা বেড়ে দাঁড়াল ৪০। ধৃতদের বিরুদ্ধে পুলিশের উপর হামলা, রাস্তা ও রেল অবরোধ, অগ্নিসংযোগ এবং এক যুবককে পিটিয়ে হত্যার মতো গুরুতর অভিযোগ রয়েছে।

তদন্তকারী সূত্রে জানা গিয়েছে, বুধবার ধৃত ১৮ জনকে নিজেদের হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। সেই সূত্র ধরেই বাকি অভিযুক্তদের খোঁজে রাতভর বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয়। বৃহস্পতিবার সকাল পর্যন্ত আরও ২২ জনকে গ্রেফতার করা হয়েছে। ধৃতদের বৃহস্পতিবার বারুইপুর মহকুমা আদালতে পেশ করে পুলিশি হেফাজতের আবেদন জানানো হতে পারে।

প্রসঙ্গত, গত রবিবার বারুইপুরে এক নাবালিকার দেহ উদ্ধারের পর এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে। ঘটনার পর একদল উত্তেজিত জনতা শুধুমাত্র সন্দেহের বশে এক যুবককে গণপিটুনি দিয়ে হত্যা করে বলে অভিযোগ। পাশাপাশি রেল ও সড়ক অবরোধ, পুলিশের গাড়িতে ভাঙচুর, অগ্নিসংযোগ এবং পুলিশকর্মীদের উপর হামলার ঘটনাও ঘটে।

পুলিশ জানিয়েছে, সমাজমাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে অভিযুক্তদের শনাক্ত করা হয়েছে। সেই সূত্রেই ধারাবাহিকভাবে অভিযান চালিয়ে একের পর এক গ্রেফতার করা হচ্ছে। তদন্তকারীরা মনে করছেন, এখনও আরও কয়েকজন অভিযুক্তকে গ্রেফতার করা বাকি রয়েছে।

নাবালিকার দেহ উদ্ধারের দিনই নির্যাতিতার বাবার সঙ্গে ফোনে কথা বলেন মুখ্যমন্ত্রী। তিনি ধর্ষণ ও খুনের ঘটনায় দ্রুত বিচার এবং দোষীদের সর্বোচ্চ শাস্তির আশ্বাস দেন। একই সঙ্গে অশান্তি ও গণপিটুনিতে জড়িতদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন।

মুখ্যমন্ত্রী অভিযোগ করেন, গণপিটুনির ঘটনায় সাম্প্রদায়িক উস্কানির সম্ভাবনা খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি বারুইপুরে ঘটে যাওয়া তাণ্ডবের পিছনে বিরোধীদের প্ররোচনা থাকতে পারে বলেও তিনি দাবি করেন। গত সোমবার তিনি বলেন, ভোটে পরাজিত হয়ে ঘরে থাকা ‘অতৃপ্ত আত্মারা’ এই অশান্তির সঙ্গে জড়িত এবং তাঁদের কাউকেই ছাড় দেওয়া হবে না।

বারুইপুর কাণ্ডে অভিযুক্তদের বিরুদ্ধে দ্রুত পদক্ষেপ, ‘দাদা কথা রেখেছেন’ বললেন নির্যাতিতার বাবা

এরপর মঙ্গলবার ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে বিরোধী নেতা শুভেন্দু অধিকারী দাবি করেন, যাঁকে সন্দেহভাজন ভেবে গণপিটুনি দিয়ে হত্যা করা হয়েছে, তিনি নির্দোষ ছিলেন। তাঁর এই মন্তব্যকে ঘিরেও রাজনৈতিক মহলে নতুন করে বিতর্ক শুরু হয়েছে।

এদিকে, কিশোরীর দেহ উদ্ধারের পর যে সহিংসতা ছড়িয়েছিল, তার তদন্তে ইতিমধ্যেই প্রায় ২০০ জনকে ভিডিও ফুটেজের ভিত্তিতে শনাক্ত করা হয়েছে বলে প্রশাসন জানিয়েছে। মুখ্যমন্ত্রী স্পষ্ট বার্তা দিয়ে বলেছেন, যারা সরাসরি হামলা চালিয়েছে কিংবা অশান্তিতে উস্কানি দিয়েছে, কাউকেই আইনের হাত থেকে রেহাই দেওয়া হবে না। সেই লক্ষ্যেই পুলিশের ধারাবাহিক অভিযান চলছে এবং আগামী দিনেও আরও গ্রেফতারের সম্ভাবনা রয়েছে।

শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক