প্রথম দিন থেকেই চর্চার কেন্দ্রে ‘বিগ বস বাংলা’। বিগ বসের ঘরের প্রতিদিনের ঝামেলা, টানাপড়েন এবং নতুন নতুন সমীকরণের পাশাপাশি শোয়ের সঞ্চালককে নিয়েও চলছে বিস্তর আলোচনা। সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঞ্চালনা নিয়ে দর্শকদের একাংশের ক্ষোভের মধ্যেই এবার সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হল এক মজার পোস্টার। সেখানে দাবি করা হয়েছে, সৌরভের বদলে ‘বিগ বস বাংলা’-র সঞ্চালক হিসেবে রূপম ইসলামকে দেখতে চান নেটিজেনদের একাংশ।
ভাইরাল সেই পোস্টারটি চোখে পড়ে রূপম ইসলামের স্ত্রী রূপসা দাশগুপ্তরও। পোস্টারটি নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে শেয়ার করে স্বামীকে মজার ছলে খোঁচা দেন তিনি। রূপসা লেখেন, “রূপম ইসলাম দেখো এটা, এইমাত্র আমার ফিডে এল, আর আমি তো হাসি থামাতেই পারছি না! তুমি যতই বলো আমি বেশি রাগী, লোকে কিন্তু তা মানবে না। তুমিই আসলি অ্যাংরি ম্যান!”
রূপসার এই পোস্ট থেকেই স্পষ্ট, পুরো বিষয়টিকে তিনি নিছক মজার ঘটনা হিসেবেই নিয়েছেন। নেটিজেনদের তৈরি এই পোস্টারকে কেন্দ্র করে রূপমকে ‘অ্যাংরি ম্যান’ বলে মজা করতেও ছাড়েননি তিনি। ২০০৭ সালে বিয়ে করেন রূপম ইসলাম ও রূপসা দাশগুপ্ত। তাঁদের বিয়েতেও ছিল রূপমের গানের বিশেষ ছোঁয়া। প্রথাগত সংস্কৃত মন্ত্রোচ্চারণের পরিবর্তে রূপমের জনপ্রিয় গান ‘আমি তোমার চোখের কালো চাই’-এর সুরে রূপসার সিঁথিতে সিঁদুর পরিয়েছিলেন গায়ক। রূপমের বাংলা রক ব্যান্ড ‘ফসিলস’-এর কাজেও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে রূপসার। তাঁদের একমাত্র পুত্রসন্তানও রয়েছে।
তবে রূপম ইসলামকে ‘বিগ বস বাংলা’-র সঞ্চালক হিসেবে দেখার বিষয়টি আপাতত শুধুই সোশ্যাল মিডিয়ার রসিকতা। বাস্তবে সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঞ্চালক পদ থেকে সরে দাঁড়ানোর কোনও ইঙ্গিত নেই। বরং সাম্প্রতিক ‘দাদার দরবার’ পর্বে সৌরভকে আগের তুলনায় অনেক বেশি কড়া মেজাজে দেখা গিয়েছে।
রাজবীরকে ঘিরে তাঁর ভূমিকা নিয়ে বেশ কিছুদিন ধরেই দর্শকদের একাংশ প্রশ্ন তুলছিলেন। প্রতিযোগী জীতু কমল এবং তনুশ্রী রায় দাসও সরাসরি সৌরভের সামনে বিষয়টি নিয়ে প্রশ্ন তুলেছিলেন। তবে চলতি সপ্তাহের ‘দাদার দরবার’-এ সৌরভের অন্য রূপ দেখা যায়। নিরঞ্জন, ঝিলম, নন্দিনী থেকে শুরু করে বর্ষীয়ান অভিনেতা ভরত কল—একাধিক প্রতিযোগীর সঙ্গে বিভিন্ন প্রসঙ্গে কড়া ভাষায় কথা বলতে দেখা যায় তাঁকে।
ফলে রূপম ইসলামকে নিয়ে ভাইরাল পোস্টার যতই হাসির খোরাক জোগাক, আপাতত ‘বিগ বস বাংলা’-র সঞ্চালকের আসনে সৌরভ গঙ্গোপাধ্যায়ই রয়েছেন।

Hello friends, Myself Biplab. I have been writing horoscopes since 2019. Since 2022, I have also been writing about entertainment, lifestyle, and trending news.