দীর্ঘ বারো বছর ধরে পুলিশের চোখ এড়িয়ে পালিয়ে থাকার পর অবশেষে গ্রেপ্তার হলেন বলিউড অভিনেতা হেমন্ত মোদি। খুনের মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত এই অভিনেতাকে বৃহস্পতিবার আহমেদাবাদের নারোদা এলাকা থেকে গ্রেপ্তার করে ক্রাইম ব্রাঞ্চ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ২০০৫ সালের একটি খুনের মামলায় দোষী সাব্যস্ত হয়েছিলেন হেমন্ত মোদি। আদালত তাঁকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দেয়। সেই মামলায় তাঁর বিরুদ্ধে খুন, অস্ত্র দিয়ে হামলা, দাঙ্গা, বেআইনি জমায়েত এবং অপরাধমূলক ষড়যন্ত্র-সহ একাধিক গুরুতর ধারায় অভিযোগ দায়ের হয়েছিল।
মেহসানা জেলে বন্দি থাকার সময় ২০১৪ সালে গুজরাট হাইকোর্ট তাঁকে ৩০ দিনের প্যারোল মঞ্জুর করে। কিন্তু নির্ধারিত সময় শেষে তিনি আর জেলে ফেরেননি। এরপর থেকেই তাঁকে ‘প্যারোল জাম্পার’ হিসেবে চিহ্নিত করা হয় এবং শুরু হয় পুলিশের খোঁজ।
পুলিশের দাবি, পলাতক অবস্থাতেও হেমন্ত মোদি অত্যন্ত সক্রিয়ভাবে অভিনয় জগতে কাজ চালিয়ে গিয়েছিলেন। পরিচয় গোপন রেখে তিনি বলিউডের একাধিক বড় ছবিতে অভিনয় করেন। অমিতাভ বচ্চন ও আমির খান অভিনীত ‘থাগস অব হিন্দোস্তান’ এবং রণবীর সিংয়ের ‘জয়েশভাই জর্দার’ ছবিতে তাঁকে দেখা গিয়েছে। এছাড়াও বিভিন্ন নাটক, ওয়েব সিরিজ ও টেলিভিশন ধারাবাহিকেও অভিনয় করেছেন তিনি।
তদন্তকারীদের মতে, দীর্ঘদিন ধরে নিজেকে আড়ালে রাখতে অত্যন্ত সতর্কভাবে জীবনযাপন করছিলেন হেমন্ত। সম্প্রতি আহমেদাবাদের ঘি কাঁটা মেট্রো স্টেশনের কাছে একটি বাড়িতে তাঁর উপস্থিতির খবর পায় ক্রাইম ব্রাঞ্চ। এরপর অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।
আহমেদাবাদ ক্রাইম ব্রাঞ্চের ডেপুটি কমিশনার অজিত রাজিয়ান জানিয়েছেন, বহু বছর ধরে পলাতক থাকলেও শেষ পর্যন্ত তদন্তকারীদের নজর এড়াতে পারেননি অভিনেতা। বর্তমানে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং আইনি প্রক্রিয়া শুরু হয়েছে।


Hello friends, Myself Biplab. I have been writing horoscopes since 2019. Since 2022, I have also been writing about entertainment, lifestyle, and trending news.