উত্তরপ্রদেশের গ্রেটার নয়ডায় ২২ বছর বয়সি এক নববধূর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃতার পরিবারের অভিযোগ, সম্পত্তির লোভেই তাঁদের মেয়েকে পরিকল্পিত ভাবে খুন করা হয়েছে। এই ঘটনায় স্বামী ও শ্বশুরবাড়ির সদস্যদের বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠেছে। ঘটনার পর থেকেই অভিযুক্তেরা পলাতক বলে জানা গিয়েছে।
মৃতার নাম মনিকা নাগার। পরিবারের দাবি, গ্রেটার নয়ডার বাসিন্দা অনুজ চৌহানের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল তাঁর। চলতি বছরের ১৭ ফেব্রুয়ারি দু’জনে আদালতে বিয়ে করেন। বিয়ের কিছু দিনের মধ্যেই মনিকার উপর মানসিক ও শারীরিক অত্যাচার শুরু হয় বলে অভিযোগ পরিবারের। তাঁদের দাবি, মনিকার নামে বিপুল পরিমাণ সম্পত্তি থাকায় সেই সম্পত্তি নিজেদের নামে লিখিয়ে নেওয়ার জন্য চাপ সৃষ্টি করা হচ্ছিল।
পরিবারের সদস্যদের বক্তব্য, বৃহস্পতিবার দুপুরে মনিকা ফোন করে নিজের উপর চলা অত্যাচারের কথা জানান। তিনি নাকি আশঙ্কা প্রকাশ করেছিলেন, সম্পত্তি হস্তান্তর না করলে তাঁকে মেরে ফেলা হতে পারে। মেয়ের কথা শুনে উদ্বিগ্ন হয়ে তাঁর মা সন্ধ্যায় শ্বশুরবাড়ির উদ্দেশে রওনা দেন।
রাতের দিকে সেখানে পৌঁছে পরিস্থিতি দেখে সন্দেহ আরও ঘনীভূত হয় বলে দাবি পরিবারের। মনিকার ভাইয়ের অভিযোগ, তাঁদের মা দেখতে পান একটি গাড়িতে মনিকার নিথর দেহ তোলা হচ্ছে। পরে সেই গাড়ির পিছন পিছন গিয়ে তাঁরা হাসপাতালে পৌঁছন। সেখানে চিকিৎসকেরা মনিকাকে মৃত বলে ঘোষণা করেন।
পরিবারের অভিযোগ, ঘটনার খবর পুলিশকে দেওয়া হলেও পরে তাঁদের জানানো হয় যে দেহটি ইতিমধ্যেই পুড়িয়ে ফেলা হয়েছে। পরে পুলিশ দেহাংশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। কী কারণে মৃত্যু হয়েছে, তা এখনও স্পষ্ট নয়। তদন্ত শুরু করেছে পুলিশ। অভিযুক্ত স্বামী ও তাঁর পরিবারের সদস্যদের খোঁজ চলছে।

Hello friends, Myself Biplab. I have been writing horoscopes since 2019. Since 2022, I have also been writing about entertainment, lifestyle, and trending news.