ক্যালিফোর্নিয়ার সান্তা ক্রুজে ভয়াবহ গাড়ি দুর্ঘটনায় মৃত্যু হল ১৯ বছর বয়সি ভারতীয় বংশোদ্ভূত তরুণী অ্যালি রেনি সিংয়ের। ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়ার মনোবিজ্ঞান বিভাগের মেধাবী ছাত্রী ছিলেন তিনি। আচমকা এই দুর্ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে তাঁর পরিবার ও পরিচিতদের মধ্যে।
জানা গিয়েছে, গত ১৩ এপ্রিল সান্তা ক্রুজের বিখ্যাত ‘স্টিমার লেন’ এলাকায় দুর্ঘটনাটি ঘটে। নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে রাস্তার পাশের খাদে পড়ে যায় অ্যালির গাড়ি। এরপর গাড়িটি গড়িয়ে সমুদ্রে গিয়ে পড়ে। দুর্ঘটনার সময় গাড়িতে আরও এক যুবক ছিলেন। তিনি অল্প আহত অবস্থায় কোনও রকমে গাড়ি থেকে বেরিয়ে আসতে সক্ষম হন।
দুর্ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছায় বিপর্যয় মোকাবিলা বাহিনী। চারজন পেশাদার ডুবুরি সমুদ্রে নেমে অ্যালিকে উদ্ধার করেন। আশঙ্কাজনক অবস্থায় দ্রুত তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তরুণীর।
‘এনআরআই পালস’-এর প্রতিবেদন অনুযায়ী, অ্যালি রেনি সিং ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়ার মনোবিজ্ঞান বিভাগের ছাত্রী ছিলেন। তাঁর কাকিমা মনিকা সিং-স্ট্রোমায়ার সোশ্যাল মিডিয়ায় অ্যালির মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। একই সঙ্গে এই কঠিন সময়ে পরিবারের ব্যক্তিগত পরিসর ও গোপনীয়তা বজায় রাখার আবেদন জানিয়েছেন তিনি।
অন্যদিকে, ‘লস এঞ্জেলেস টাইমস’-এর প্রতিবেদন অনুযায়ী, দুর্ঘটনাস্থলের ‘ওয়েস্ট ক্লিফ ড্রাইভ’ উপকূলীয় ভাঙনের কারণে বেশ ক্ষতিগ্রস্ত ছিল। রাস্তার এই খারাপ পরিস্থিতির কারণেই অ্যালি গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে থাকতে পারেন বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে।
উল্লেখ্য, ওই এলাকায় এর আগেও দুর্ঘটনা ঘটেছে। গত জুন মাসে একই ধরনের একটি ঘটনায় সান্তা ক্রুজ পর্বতমালায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাড়ি বাঁধ থেকে প্রায় ৪০০ ফুট নিচে পড়ে যায়। সেই দুর্ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছিল। ফলে উপকূলবর্তী ওই রাস্তার নিরাপত্তা নিয়েও নতুন করে প্রশ্ন উঠছে।

Hello friends, Myself Biplab. I have been writing horoscopes since 2019. Since 2022, I have also been writing about entertainment, lifestyle, and trending news.