বলিউড অভিনেত্রী Celina Jaitly ফের শিরোনামে। স্বামী Peter Hogg-এর বিরুদ্ধে গার্হস্থ্য হিংসা, শারীরিক নির্যাতন এবং জোরপূর্বক যৌন সম্পর্কের মতো গুরুতর অভিযোগ এনে মুম্বইয়ে এফআইআর দায়ের করেছেন অভিনেত্রী। দীর্ঘ চোদ্দ বছরের দাম্পত্য জীবনে মানসিক ও শারীরিক অত্যাচারের শিকার হয়েছেন বলে দাবি তাঁর।
এর আগেও আদালতে দায়ের করা মামলায় সেলিনা স্বামীর বিরুদ্ধে একাধিক বিস্ফোরক অভিযোগ তুলেছিলেন। অভিনেত্রীর দাবি, বিয়ের পর থেকেই পিটারের আচরণ বদলে যায়। নিয়মিত মারধর, অপমান এবং ভয় দেখানোর পাশাপাশি তাঁকে অস্বাভাবিক যৌন আচরণে বাধ্য করা হত বলেও অভিযোগ করেন তিনি। এমনকি পিটারের অফিসের কিছু উচ্চপদস্থ কর্মীর সঙ্গে সম্পর্ক স্থাপনের জন্যও তাঁকে চাপ দেওয়া হত বলে দাবি সেলিনার।
অভিনেত্রীর অভিযোগ অনুযায়ী, স্বামী তাঁকে ভয় দেখিয়ে নানা ধরনের হুমকি দিতেন। ব্যক্তিগত জীবনে ক্রমাগত মানসিক চাপে রাখার পাশাপাশি তাঁর উপর শারীরিক নির্যাতনও চালানো হত বলে জানিয়েছেন তিনি। আদালতে জমা দেওয়া নথিতে সেলিনা উল্লেখ করেছেন, এই পরিস্থিতির কারণে দীর্ঘদিন ধরে তিনি আতঙ্ক ও মানসিক যন্ত্রণার মধ্যে ছিলেন।
শুধু নির্যাতনের অভিযোগই নয়, পণের দাবিও করেছিলেন পিটার— এমন অভিযোগও তুলেছেন অভিনেত্রী। সেলিনার দাবি, বিয়ের পরে তাঁর পরিবারের কাছ থেকে দামী গয়না ও উপহার নেওয়ার জন্য চাপ সৃষ্টি করা হয়েছিল। বিদেশে মধুচন্দ্রিমার সময় অসুস্থ অবস্থাতেও স্বামীর কাছ থেকে সহানুভূতি পাননি বলে অভিযোগ তাঁর। বরং সামান্য বিষয় নিয়ে রাগারাগি ও অপমানের মুখে পড়তে হয়েছিল তাঁকে।
সেলিনা আরও জানিয়েছেন, যমজ সন্তানের জন্মের কিছুদিনের মধ্যেই তাঁকে সন্তানদের নিয়ে বাড়ি ছাড়তে বলা হয়েছিল। সেই সময় তিনি শারীরিকভাবে অত্যন্ত দুর্বল অবস্থায় ছিলেন। প্রতিবেশীদের সাহায্যে পরিস্থিতি সামাল দিতে হয়েছিল বলেও দাবি করেছেন অভিনেত্রী।
২০১১ সালে প্রেম করে বিয়ে করেছিলেন সেলিনা জেটলি ও পিটার হগ। তাঁদের তিন সন্তান রয়েছে। তবে গত কয়েক বছর ধরেই তাঁদের দাম্পত্যে অশান্তির খবর সামনে আসছিল। এবার প্রকাশ্যে আইনি পদক্ষেপ নেওয়ায় নতুন করে চর্চায় উঠে এল এই সম্পর্কের টানাপোড়েন।

Hello friends, Myself Biplab. I have been writing horoscopes since 2019. Since 2022, I have also been writing about entertainment, lifestyle, and trending news.