বলিউডের তারকাদের আড্ডা, গসিপ, বিতর্ক আর ব্যক্তিগত জীবনের নানা অজানা কথা নিয়ে দীর্ঘদিন ধরে দর্শকদের বিনোদন দিয়ে এসেছে করণ জোহরের জনপ্রিয় টক শো ‘কফি উইথ করণ’। এবার সেই শোয়ের শেষ মরশুমের ঘোষণা করলেন করণ জোহর নিজেই। নবম মরশুমই হতে চলেছে এই জনপ্রিয় শোয়ের অন্তিম অধ্যায়।
আগামী ১৪ অক্টোবর থেকে জিও হটস্টারে দেখা যাবে ‘কফি উইথ করণ’-এর নবম তথা শেষ মরশুম। তার আগে বুধবার প্রকাশ্যে এসেছে নতুন প্রোমো। আর সেই প্রোমোয় করণ জোহরের একাধিক মন্তব্য ঘিরে ইতিমধ্যেই শুরু হয়েছে চর্চা।
প্রোমোয় ব্যঙ্গাত্মক সুরে করণকে বলতে শোনা যায়, “আমি তো দেশের বড় বড় তারকাদের কেরিয়ার প্রায় শেষই করে দিচ্ছিলাম!” পাশাপাশি ফের উঠে আসে দীর্ঘদিনের ‘নেপোটিজম’ বিতর্কও। করণের কথায়, এখনও তাঁকে স্বজনপোষণের তকমা বয়ে বেড়াতে হচ্ছে। তাঁর দাবি, ‘কফি উইথ করণ’-এর বিভিন্ন পর্বে এমন অনেক কথাবার্তা হয়েছে, যা পরবর্তীতে বড় বিতর্কের জন্ম দিয়েছে।
গত দুই দশকে এই শোয়ের কাউচে বসেছেন বলিউডের বহু পরিচিত তারকা। তাঁদের ব্যক্তিগত জীবন, সম্পর্ক, বিচ্ছেদ থেকে শুরু করে ইন্ডাস্ট্রির অন্দরমহলের নানা প্রসঙ্গ উঠে এসেছে অনুষ্ঠানে। কখনও তারকাদের মন্তব্য ঘিরে বিতর্ক তৈরি হয়েছে, কখনও আবার তাঁদের মধ্যেই তৈরি হয়েছে দূরত্ব। ফলে ‘কফি উইথ করণ’ বহুবার বলিউডের গসিপের অন্যতম আলোচিত মঞ্চ হয়ে উঠেছে।
তবে এবার সেই যাত্রার ইতি টানতে চলেছেন করণ। নবম মরশুমের ঘোষণা করে আবেগঘন বার্তায় তিনি বলেন, “কিছু সফর শেষ করার পরিকল্পনা থাকে না। কিন্তু একটা সময়ে মনের গভীরে আপনি ঠিকই বুঝতে পারেন যে, এখন সময় হয়েছে সেগুলিকে বিদায় জানানোর।” তিনি আরও জানান, শেষ মরশুমে তাঁর উদ্দেশ্য শুধুই কৃতজ্ঞতা ও ভালোবাসা নিয়ে সেই সমস্ত তারকার সঙ্গে শেষবারের মতো কফির মগ তুলে ধরা, যাঁরা ‘কফি উইথ করণ’-কে এতটা জনপ্রিয় করে তুলেছেন।
দীর্ঘ প্রায় দু’দশকের সফরের পর সত্যিই কি ‘কফি উইথ করণ’-এর পর্দা নামছে? করণের নতুন ঘোষণার পর এখন সেই প্রশ্নই ঘুরছে দর্শকমহলে।

Hello friends, Myself Biplab. I have been writing horoscopes since 2019. Since 2022, I have also been writing about entertainment, lifestyle, and trending news.