বলিউডের জনপ্রিয় র্যাপার ও গায়ক ইয়ো ইয়ো হানি সিং মানেই বিতর্ক যেন তাঁর পিছু ছাড়ে না। একসময় টানা হিট গানের জেরে বলিউড কাঁপালেও, মাঝেমধ্যেই তাঁর মন্তব্য বা আচরণ ঘিরে তৈরি হয় বিতর্ক। বেশ কয়েক বছর ধরে তুলনামূলকভাবে আলোচনার বাইরে থাকলেও, সম্প্রতি দিল্লির এক লাইভ কনসার্টে দেওয়া মন্তব্যের জেরে ফের সমালোচনার কেন্দ্রে উঠে এলেন তিনি।
নানকু ও করুণের দিল্লি কনসার্টে অতিথি শিল্পী হিসেবে উপস্থিত ছিলেন হানি সিং। সেই অনুষ্ঠানেই গানের ফাঁকে শ্রোতাদের উদ্দেশে দেওয়া তাঁর কিছু মন্তব্য মুহূর্তের মধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। প্রবল শীতের প্রসঙ্গ টেনে হানি সিং মজা করে দর্শকদের গাড়িতে সঙ্গমের পরামর্শ দেন বলে অভিযোগ। ভিডিওতে তাঁকে অশ্রাব্য ভাষা ব্যবহার করতেও শোনা যায়। যদিও সঙ্গে তিনি নিরাপদ থাকার বার্তাও দেন এবং কন্ডোম ব্যবহারের কথা উল্লেখ করেন।
ভিডিও ভাইরাল হতেই নেটপাড়ায় শুরু হয় প্রবল সমালোচনা। অনেকেই এই মন্তব্যকে অশালীন ও দায়িত্বজ্ঞানহীন বলে কটাক্ষ করেন। কেউ কেউ বলেন, বয়স বাড়ার সঙ্গে সঙ্গে এমন মন্তব্যই নাকি তাঁর মানসিক অবস্থার প্রতিফলন। আবার একাংশের মতে, ভিডিওটি এতটাই আপত্তিকর যে প্রকাশ্যে বসে দেখা কঠিন।
তবে সমালোচনার পাশাপাশি হানি সিংয়ের পাশে দাঁড়িয়েছেন তাঁর কিছু অনুরাগীও। তাঁদের যুক্তি, বন্ধুমহলে যৌনতা নিয়ে আলোচনা নতুন কিছু নয়, অযথা বিষয়টিকে অতিরঞ্জিত করা হচ্ছে। কেউ কেউ আবার ‘পেডো’ শব্দ ব্যবহার করে কটাক্ষ করায় আপত্তি তুলে বলেন, শব্দের প্রকৃত অর্থ না জেনেই কুল দেখানোর চেষ্টা চলছে।
এই বিতর্কের মাঝেই এখনও পর্যন্ত হানি সিংয়ের তরফে কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। নীরব রয়েছেন গায়ক নিজেও।
উল্লেখযোগ্যভাবে, ভাংড়া সঙ্গীত দিয়ে কেরিয়ার শুরু করা হানি সিং পরে ‘ককটেল’, ‘চেন্নাই এক্সপ্রেস’-এর মতো সুপারহিট ছবিতে গান গেয়ে বলিউডে নিজের জায়গা পাকা করেন। একসময় তিনি ছিলেন বলিউডের সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত গায়কদের তালিকায়। তবে খ্যাতির শিখরে থাকাকালীন মাদকাসক্তির কারণে তাঁর কেরিয়ারে ছন্দপতন ঘটে। চণ্ডীগড়ের একটি রিহ্যাব সেন্টারে চিকিৎসাধীন থাকার পর ধীরে ধীরে স্বাভাবিক জীবনে ফেরেন তিনি।
প্রায় এক বছর ধরে আবার নিয়মিত কাজের মধ্যে ফিরলেও, দিল্লির কনসার্টের এই মন্তব্য প্রমাণ করে দিল—হানি সিং মানেই বিতর্ক, আর তা নিয়ে আলোচনা থামার নয়।

Hello friends, Myself Biplab. I have been writing horoscopes since 2019. Since 2022, I have also been writing about entertainment, lifestyle, and trending news.