গরমে বাড়ির বাইরে বেরোলেই ঘাম হওয়া স্বাভাবিক, আর তার সঙ্গে অস্বস্তিকর গন্ধ অনেকেরই দৈনন্দিন সমস্যায় পরিণত হয়। এই সমস্যা থেকে মুক্তি পেতে আমরা অনেকেই পারফিউম ব্যবহার করি, কিন্তু কিছুক্ষণের মধ্যেই তার গন্ধ হালকা হয়ে যায়। আসলে পারফিউম কতক্ষণ স্থায়ী হবে, তা শুধু তার দামের উপর নয়—ব্যবহারের সঠিক পদ্ধতির উপরও নির্ভর করে।
প্রথমেই জানা দরকার, পারফিউম কোথায় লাগানো হচ্ছে সেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। অনেকেই সরাসরি জামাকাপড়ে স্প্রে করেন, কিন্তু এতে সুগন্ধ দীর্ঘস্থায়ী হয় না। বরং ত্বকের উপর ব্যবহার করলে পারফিউম অনেক বেশি সময় ধরে গন্ধ ছড়ায়। বিশেষ করে শরীরের যেসব অংশে তাপমাত্রা সামান্য বেশি থাকে, সেখানে লাগালে ভালো ফল পাওয়া যায়। যেমন—কব্জি, গলার পাশ বা কান-এর পিছনে লাগালে সুগন্ধ দীর্ঘক্ষণ টিকে থাকে।
এছাড়া শরীরের ‘পালস পয়েন্ট’-এ পারফিউম ব্যবহার করা অত্যন্ত কার্যকর। বুকের উপর, কনুইয়ের ভেতরের অংশ, হাঁটুর পেছনে বা গোড়ালিতে হালকা করে স্প্রে করলে ধীরে ধীরে সুগন্ধ ছড়িয়ে পড়ে। অনেকেই পারফিউম লাগানোর পর সেই জায়গা ঘষে দেন, যা একেবারেই ঠিক নয়। এতে সুগন্ধির অণু ভেঙে গিয়ে গন্ধ দ্রুত কমে যায়।
তবে সব জায়গায় পারফিউম ব্যবহার করা উচিত নয়। যেখানে বেশি ঘাম হয়, সেখানে লাগালে গন্ধ টিকবে না। আবার একেবারে শুষ্ক ত্বকেও পারফিউম দীর্ঘস্থায়ী হয় না। তাই পারফিউম ব্যবহারের আগে হালকা ময়েশ্চারাইজ়ার লাগানো একটি ভালো অভ্যাস, যা সুগন্ধকে বেশি সময় ধরে রাখতে সাহায্য করে।
সঠিক নিয়ম মেনে পারফিউম ব্যবহার করলে সারাদিন ফ্রেশ থাকা সম্ভব—এটাই মূল কথা।

Hello friends, Myself Biplab. I have been writing horoscopes since 2019. Since 2022, I have also been writing about entertainment, lifestyle, and trending news.