পাকিস্তান ও বাংলাদেশের সঙ্গে ভারতের বিস্তীর্ণ সীমান্ত এলাকায় নিরাপত্তা আরও জোরদার করতে বড় পদক্ষেপ নিতে চলেছে কেন্দ্রীয় সরকার। প্রায় ৬,০০০ কিলোমিটার সীমান্তজুড়ে প্রযুক্তিনির্ভর ‘স্মার্ট বর্ডার’ ব্যবস্থা গড়ে তোলার পরিকল্পনার কথা ঘোষণা করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তাঁর বক্তব্য, আগামী এক বছরের মধ্যেই এই প্রকল্পের কাজ শুরু করার লক্ষ্য নেওয়া হয়েছে।
দিল্লিতে সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ আয়োজিত এক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে শাহ জানান, সীমান্ত সুরক্ষায় আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়ানোই এই প্রকল্পের মূল উদ্দেশ্য। ড্রোন, রেডার, সেন্সর ও উচ্চক্ষমতাসম্পন্ন নজরদারি ক্যামেরার মাধ্যমে এমন এক পরিকাঠামো তৈরি করা হবে, যাতে সীমান্তের প্রতিটি গতিবিধির উপর কড়া নজর রাখা সম্ভব হয়। নদীপথ ও আকাশপথেও বিশেষ নজরদারির ব্যবস্থা থাকবে বলে জানিয়েছেন তিনি।
কেন্দ্রের দাবি, সীমান্ত এলাকায় বেআইনি অনুপ্রবেশ ও চোরাচালান রুখতে এই উদ্যোগ বড় ভূমিকা নেবে। বিশেষ করে বাংলাদেশ সীমান্তবর্তী কিছু অঞ্চলে জনবিন্যাস পরিবর্তনের আশঙ্কার প্রসঙ্গ তুলে শাহ বলেন, অনুপ্রবেশ রোধে কেন্দ্র কঠোর অবস্থান নিয়েছে। তাঁর কথায়, সীমান্ত দিয়ে অবৈধভাবে প্রবেশকারীদের চিহ্নিত করে প্রয়োজনীয় পদক্ষেপ করা হবে।
তিনি আরও জানান, পশ্চিমবঙ্গ, অসম এবং ত্রিপুরার সরকারও সীমান্ত নিরাপত্তা সংক্রান্ত কেন্দ্রীয় নীতির সঙ্গে সহমত পোষণ করেছে। সীমান্তে নজরদারি আরও কার্যকর করতে বিএসএফকে উন্নত প্রযুক্তিগত সহায়তা দেওয়ার আশ্বাসও দেন স্বরাষ্ট্রমন্ত্রী।
বাংলাদেশের সঙ্গে ভারতের মোট সীমান্ত প্রায় ৪,০৯৬ কিলোমিটার দীর্ঘ। এর মধ্যে সবচেয়ে বড় অংশ রয়েছে পশ্চিমবঙ্গে। রাজ্যে প্রায় ২,২১৯ কিলোমিটার সীমান্তের মধ্যে বহু এলাকায় ইতিমধ্যেই কাঁটাতারের বেড়া রয়েছে, তবে এখনও কয়েকশো কিলোমিটার এলাকায় বেড়া নির্মাণ বাকি। কেন্দ্র জানিয়েছে, সেই অসম্পূর্ণ অংশগুলিতেও দ্রুত কাজ শেষ করার পরিকল্পনা নেওয়া হয়েছে।
কেন্দ্রীয় সরকারের মতে, সীমান্ত নিরাপত্তাকে আরও শক্তিশালী করতে প্রযুক্তিনির্ভর এই ‘স্মার্ট বর্ডার’ প্রকল্প ভবিষ্যতে দেশের নিরাপত্তা ব্যবস্থায় গুরুত্বপূর্ণ পরিবর্তন আনতে পারে।

Hello friends, Myself Biplab. I have been writing horoscopes since 2019. Since 2022, I have also been writing about entertainment, lifestyle, and trending news.