জনপ্রিয় গায়ক Shaan-এর হাসিমুখ বরাবরই তাঁর অনুরাগীদের কাছে ইতিবাচকতার প্রতীক। তবে সেই পরিচিত হাসির আড়ালেও গত এক বছরে কঠিন মানসিক লড়াইয়ের সাক্ষী থেকেছে তাঁর পরিবার। সম্প্রতি গায়কের স্ত্রী Radhika Mukherjee নিজের জীবনের এক গভীর সংকটের কথা প্রকাশ্যে আনেন।
২১ মে নিজের জন্মদিন উপলক্ষে সমাজমাধ্যমে একটি আবেগঘন বার্তা পোস্ট করেন রাধিকা। সেখানে তিনি জানান, গত বছরটি তাঁর জীবনের সবচেয়ে কঠিন সময়গুলির মধ্যে একটি ছিল। দীর্ঘ সময় ধরে তিনি অবসাদে ভুগেছেন এবং মানসিকভাবে ভেঙে পড়েছিলেন। তবে সেই পরিস্থিতি থেকে বেরিয়ে আসার জন্য তিনি চিকিৎসক ও মনোবিদের সাহায্য নিয়েছেন।
নিজের পোস্টে রাধিকা একটি শংসাপত্রের ছবিও ভাগ করে নেন, যা তাঁর মানসিক সুস্থতার পথে এগিয়ে চলার প্রতীক হিসেবে ধরা হচ্ছে। তিনি লেখেন, এই বছর তিনি নিজেকে আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী ও সম্পূর্ণ মানুষ হিসেবে অনুভব করছেন।
রাধিকার কথায়, তিনি কখনও নিজের মানসিক সমস্যার বিষয়টি আড়াল করেননি। বরং তিনি বিশ্বাস করেন, অবসাদ থেকে সুস্থ হয়ে ওঠা সম্ভব এবং সেই পথে পরিবারের সমর্থন সবচেয়ে বড় শক্তি। এই কঠিন সময়ে তাঁর পাশে ছিলেন স্বামী শান, দুই সন্তান সোহম ও মাহি, পাশাপাশি পরিবারের অন্য সদস্যেরাও।
গত এক বছরে নিজের মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্য সচেতনভাবে নানা পদক্ষেপ নিয়েছেন রাধিকা। বর্তমানে তিনি নিজেকে অনেক বেশি শান্ত, সুখী ও আত্মসচেতন বলে মনে করছেন। জন্মদিনে পাওয়া শুভেচ্ছার পাশাপাশি নিজের এই পরিবর্তনকেই তিনি জীবনের সবচেয়ে বড় উপহার বলে উল্লেখ করেছেন।
রাধিকার এই খোলামেলা স্বীকারোক্তি অনেকের কাছেই গুরুত্বপূর্ণ বার্তা বহন করছে। মানসিক স্বাস্থ্যের সমস্যা লুকিয়ে না রেখে প্রয়োজনীয় সাহায্য নেওয়া যে জরুরি, সেই কথাই যেন আরও একবার মনে করিয়ে দিলেন তিনি।

Hello friends, Myself Biplab. I have been writing horoscopes since 2019. Since 2022, I have also been writing about entertainment, lifestyle, and trending news.