দিন কয়েক ধরেই টেলিভিশন দুনিয়ার জনপ্রিয় তারকা দম্পতি তৃণা সাহা ও নীল ভট্টাচার্যের সম্পর্ক নিয়ে ফের উত্তাল নেটপাড়া। তাঁদের বিয়ে ভাঙছে—এমন গুঞ্জন ছড়িয়ে পড়তেই স্টুডিওপাড়া থেকে সোশ্যাল মিডিয়া, সর্বত্র শুরু হয় জল্পনা। এর আগেও একাধিকবার এই দম্পতিকে ঘিরে বিচ্ছেদের খবর রটেছিল, যদিও প্রতিবারই তা সময়ের সঙ্গে স্তিমিত হয়ে যায়।
তবে এবারে গুঞ্জন নতুন করে দানা বাঁধে যখন অনুরাগীরা লক্ষ্য করেন, ইনস্টাগ্রামে একে অপরকে আনফলো করেছেন নীল ও তৃণা। মঙ্গলবার সকালেই এই বিষয়টি নজরে আসতেই নানা মুণির নানা মত শুরু হয়। অনেকেই ধরে নেন, এবার হয়তো সত্যিই সম্পর্কের ইতি টানতে চলেছেন তাঁরা।
এরই মাঝে রবিবার রাতে এক অ্যাওয়ার্ড অনুষ্ঠানে সকলকে চমকে দিয়ে একসঙ্গে হাজির হন নীল-তৃণা। সেই অনুষ্ঠানের একটি ছবি শেয়ার করে পরিস্থিতিতে নতুন মোড় আনেন তাঁদের সহ-অভিনেত্রী তথা ‘তটিনী’ ধারাবাহিকের খুদে শিল্পী আয়ুশ্রী। ছবিতে দেখা যায়, নীল ও তৃণার সঙ্গে পুরস্কার হাতে ক্যামেরায় পোজ দিচ্ছে আয়ুশ্রী।
সবচেয়ে বেশি নজর কাড়ে আয়ুশ্রীর ক্যাপশন। সেখানে সে লেখে,
“অনেক নেতিবাচক পোস্ট দেখার পর এটা আমার পোস্ট। আমার রিয়েল মাম্মি, ওঁর রিয়েল হাজবেন্ডের সঙ্গে। দয়া করে বাজে খবর ছড়াবেন না। যদি পারেন ইতিবাচক কথা বলুন। গুড ভাইরাল নিউজ নিয়ে কাজ করুন। টিআরপি বাড়ানোর গুজবে কান দেবেন না।”
এই পোস্টে নীল ও তৃণাকে ট্যাগও করে আয়ুশ্রী। পর্দার মেয়ের এই বক্তব্যে সায় দিয়ে পোস্টটিতে ‘লাইক’ করেন তৃণাও।
তবে এত কিছুর পরেও দম্পতির তরফে সরাসরি কোনও স্পষ্ট বক্তব্য এখনও পাওয়া যায়নি। সংবাদমাধ্যমের প্রশ্নে নীল ভট্টাচার্য জানান, তিনি এই বিষয়ে কোনও মন্তব্য করতে চান না এবং নিজের ব্যক্তিগত জীবন ব্যক্তিগতই রাখতে চান। অন্যদিকে তৃণা সাহার তরফেও এখনও পর্যন্ত কোনও প্রতিক্রিয়া মেলেনি।
ফলে নীল-তৃণার সম্পর্ক ভাঙনের খবর আদৌ সত্যি নাকি নিছকই রটনা—তা এখনও নিশ্চিত নয়। আপাতত সহ-অভিনেত্রীর এক ইতিবাচক পোস্টেই কিছুটা স্বস্তি পেয়েছেন তাঁদের অনুরাগীরা, তবে চূড়ান্ত সত্য জানতে অপেক্ষাই একমাত্র ভরসা।

Hello friends, Myself Biplab. I have been writing horoscopes since 2019. Since 2022, I have also been writing about entertainment, lifestyle, and trending news.