জনপ্রিয় প্লেব্যাক গায়ক জুবিন নটিয়াল জীবনের নতুন অধ্যায় শুরু করেছেন। চলতি বছরের এপ্রিল মাসে ঘনিষ্ঠ পরিজন ও বন্ধুদের উপস্থিতিতে উত্তরাখণ্ডে শৈশবের বান্ধবীর সঙ্গে গোপনে বিয়ে সেরেছিলেন গায়ক। বিয়ের খবর নিজে প্রকাশ্যে না আনলেও, সেই খবর পরে প্রকাশ্যে আসে। এবার বিয়ের মাত্র পাঁচ মাসের মধ্যেই বাবা হওয়ার সুখবর দিলেন জুবিন।
জুবিন জানিয়েছেন, গত ১৪ সেপ্টেম্বর গণেশ চতুর্থীর শুভ দিনে তাঁর পুত্রসন্তানের জন্ম হয়েছে। সংবাদমাধ্যমকে গায়ক বলেন, “হ্যাঁ, আমি এখন বাবা! গত ১৪ সেপ্টেম্বর, গণেশ চতুর্থীর অত্যন্ত শুভ দিনে আমাদের ছেলে ভূমিষ্ঠ হয়েছে। মা ও সন্তান বাড়ি ফিরে এসেছে এবং ওঁরা উভয়েই সুস্থ আছে।”
সন্তানের নাম এখনও ঠিক করেননি জুবিন ও তাঁর স্ত্রী। আপাতত ছেলের সঙ্গে কাটানো প্রতিটি মুহূর্ত উপভোগ করছেন তাঁরা। বাবা হওয়ার অনুভূতি যে তাঁর কাছে বিশেষ, তা গায়কের কথাতেই স্পষ্ট। কাজের প্রয়োজনে শহরের বাইরে যেতে হবে ভেবেই কিছুটা কঠিন লাগছে বলে জানিয়েছেন তিনি।
এদিকে, জুবিনের বাবা হওয়ার খবর প্রকাশ্যে আসতেই তাঁর কয়েক মাস আগের গোপন বিয়ে নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। জানা যায়, এপ্রিল মাসে উত্তরাখণ্ডের পাহাড়ি পরিবেশে স্থানীয় গাড়োয়ালি রীতি মেনে বিয়ে করেছিলেন জুবিন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুই পরিবারের সদস্য এবং ঘনিষ্ঠ বন্ধুরা। কোনও বড়সড় আয়োজন বা বলিউডি চাকচিক্য ছিল না সেই বিয়েতে।
জুবিনের বিয়ের খবর প্রকাশ্যে আসার পর থেকেই অনুরাগীদের একাংশের মনে প্রশ্ন ছিল, কেন এতটা গোপনীয়তা বজায় রেখেছিলেন গায়ক? এবার বিয়ের পাঁচ মাসের মধ্যে সন্তান আসার খবর সামনে আসায় সেই প্রশ্নই নতুন করে উঠছে। কেউ কেউ সোশ্যাল মিডিয়ায় অনুমান করছেন, বিয়ের সময়ই হয়তো জুবিনের স্ত্রী অন্তঃসত্ত্বা ছিলেন। যদিও এমন জল্পনার কোনও নিশ্চিত প্রমাণ বা জুবিনের পক্ষ থেকে এমন কোনও বক্তব্য প্রকাশ্যে আসেনি। তাই বিষয়টি আপাতত অনুরাগীদের অনুমান হিসেবেই রয়েছে।
জুবিন নটিয়াল বর্তমান প্রজন্মের অন্যতম পরিচিত প্লেব্যাক গায়ক। ২০১১ সালে রিয়্যালিটি শো ‘এক্স ফ্যাক্টর ইন্ডিয়া’-য় অংশ নেওয়ার মাধ্যমে পরিচিতি পান তিনি। পরবর্তীতে ‘তুম হি আনা’, ‘রাতা লম্বিয়াঁ’, ‘তুঝে কিতনা চাহেঁ অউর হাম’, ‘কিন্না সোনা’, ‘বন্দিয়া’, ‘দিল জানিয়ে’, ‘প্যায়ার তো থা’, ‘ম্যায় জানতা হুঁ’ এবং ‘মেহেরবানি’-র মতো একাধিক জনপ্রিয় গান তাঁর ঝুলিতে রয়েছে।
এখন অবশ্য কেরিয়ারের ব্যস্ততার পাশাপাশি নতুন বাবা হিসেবে ছেলের সঙ্গে সময় কাটানোই জুবিনের কাছে সবচেয়ে বড় আনন্দের বিষয়।

Hello friends, Myself Biplab. I have been writing horoscopes since 2019. Since 2022, I have also been writing about entertainment, lifestyle, and trending news.