খুব শীঘ্রই নতুন রিয়েলিটি শো-তে দেখা যেতে চলেছে অভিনেতা কাঞ্চন মল্লিককে। Sony AATH এবং OTT প্ল্যাটফর্ম Sony LIV-এ সম্প্রচারিত হতে চলা এই কুকিং শো-তে মুখোমুখি হবেন টলিউডের একাধিক তারকা। অভিনয়ের জগতের পরিচিত মুখেরা এবার ক্যামেরার সামনে হাতে তুলে নেবেন হাতা-খুন্তি। রান্না কেমন হবে, তা নিয়ে যতই প্রশ্ন থাকুক, তারকাদের উপস্থিতিতে যে দর্শকদের বিনোদনের অভাব হবে না, তা বলাই যায়।
এই শো-তেই রাঁধুনির ভূমিকায় দেখা যাবে টলিউডের দম্পতি শ্রীময়ী চট্টোরাজ ও কাঞ্চন মল্লিককে। সোশ্যাল মিডিয়ায় মাঝেমধ্যেই নিজের রান্নার ছবি ও ভিডিয়ো শেয়ার করেন শ্রীময়ী। তাই স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে, স্ত্রীর হাতের কোন রান্না সবচেয়ে বেশি পছন্দ কাঞ্চনের? এই প্রশ্নের উত্তরে বউয়ের রান্নার প্রশংসায় পঞ্চমুখ অভিনেতা। কাঞ্চন জানান, শ্রীময়ীর হাতের মাটন তাঁর সবচেয়ে বেশি পছন্দ। তাঁর কথায়, শ্রীময়ী মাটন খুব ভালো রান্না করেন। তাঁর হাতের মাটনকে ‘সুপার্ব’ বলেও উল্লেখ করেন তিনি। তবে শুধু মাটন নয়, স্ত্রীর অন্যান্য রান্নারও প্রশংসা করেছেন কাঞ্চন।
তবে শুটিং, সংসার এবং দুই সন্তান—সবকিছু একসঙ্গে সামলে শ্রীময়ী কীভাবে রান্নার জন্য সময় বের করেন, সেই প্রশ্ন উঠতেই স্ত্রীকে নিয়ে আরও বেশি প্রশংসা করতে শোনা যায় কাঞ্চনকে। অভিনেতার কথায়, দুই সন্তানকে সামলে সময় বের করা মোটেই সহজ নয়। একজন ঘুমোলে অন্যজন কেঁদে উঠছে, আবার একজনের কারণে অন্যজনের ঘুম ভেঙে যাচ্ছে—এই পরিস্থিতির মধ্যেও শ্রীময়ী যেভাবে সবকিছু সামলান, তাতে তিনি মুগ্ধ। মজা করে কাঞ্চন আরও বলেন, প্রত্যেক বউই আসলে ভালো ‘ম্যানেজার’। সংসারে স্ত্রীদের এই ভূমিকা স্বীকার না করলে জীবনে চাপ বাড়তে পারে বলেও রসিকতা করেন তিনি।
উল্লেখ্য, মাত্র ২৭ বছর বয়সে কাঞ্চন মল্লিককে বিয়ে করেন শ্রীময়ী। বিয়ের সাড়ে আট মাসের মধ্যেই তাঁদের প্রথম সন্তান আসে। সেই সন্তানের বয়স এখনও দুই বছর পূর্ণ হয়নি, তার মধ্যেই ফের মা হয়েছেন শ্রীময়ী। দুই সন্তান, সংসার এবং নিজের কাজ—সবকিছুই নিজের মতো করে গুছিয়ে নেওয়ার চেষ্টা করছেন তিনি।স্ত্রীর এই দায়িত্ব সামলানোর ক্ষমতার কৃতিত্ব বরাবরই শ্রীময়ীকেই দিয়েছেন কাঞ্চন। অভিনেতার কথায়, তাঁর ছন্নছাড়া জীবনকে অনেকটাই গুছিয়ে দিয়েছেন স্ত্রী।
কাঞ্চনের ব্যক্তিগত জীবনেও একাধিক অধ্যায় রয়েছে। এর আগে দু’বার সংসার পেতেছিলেন তিনি। দ্বিতীয় বিয়ের পর এক সন্তানের বাবাও হন অভিনেতা। তবে পরবর্তী সময়ে দ্বিতীয় স্ত্রীর সঙ্গে সম্পর্কের সমস্যার কারণে সন্তানের সঙ্গেও দূরত্ব তৈরি হয়। বর্তমানে শ্রীময়ী ও তাঁদের দুই সন্তান কৃষিভ এবং কৃষভিকে ঘিরেই তাঁর জীবনের নতুন অধ্যায়। দুই সন্তান সেই পুরনো কষ্ট অনেকটাই ভুলিয়ে দিয়েছে বলেই ইঙ্গিত করেছেন কাঞ্চন।
সব মিলিয়ে, নতুন কুকিং শো-তে কাঞ্চন-শ্রীময়ীর রসায়ন যেমন দর্শকদের নজর কাড়তে পারে, তেমনই পর্দার বাইরেও তাঁদের সংসার সামলানোর গল্প উঠে এসেছে অভিনেতার কথায়।

Hello friends, Myself Biplab. I have been writing horoscopes since 2019. Since 2022, I have also been writing about entertainment, lifestyle, and trending news.