অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায় এবং স্বস্তিকা মুখোপাধ্যায়-কে ঘিরে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে তাঁদের কয়েক বছর আগের সোশ্যাল মিডিয়া কার্যকলাপকে কেন্দ্র করে। গরিয়াহাট থানায় তাঁদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন আইনজীবী জয়দীপ সেন। অভিযোগ বর্তমানে প্রক্রিয়াধীন বলে জানা গিয়েছে।
আইনজীবীর দাবি, ২০২১ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের পর রাজ্যে যে অশান্তির পরিস্থিতি তৈরি হয়েছিল, সেই সময় পরমব্রতর একটি সোশ্যাল মিডিয়া মন্তব্য (বিশ্ব রগরাণী দিবস) অত্যন্ত আপত্তিকর ছিল। তাঁর বক্তব্য, সেই মন্তব্য এমন এক সময়ে করা হয়েছিল যখন বিভিন্ন জায়গা থেকে হিংসা ও অত্যাচারের খবর সামনে আসছিল। যদিও বহু বছর পর বিষয়টি সামনে এসেছে, তবু তিনি এটিকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছেন।
জয়দীপ সেন জানান, তিনি সামাজিক মাধ্যমে খুব বেশি সক্রিয় নন। সম্প্রতি কয়েকদিন আগে তাঁর নজরে আসে পুরনো সেই পোস্ট। এরপরই তিনি আইনি পদক্ষেপের সিদ্ধান্ত নেন। তাঁর কথায়, সেই সময় রাজ্যের বিভিন্ন জায়গায় ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়েছিল এবং বহু মানুষ আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছিলেন। তাই এমন মন্তব্যকে তিনি হালকাভাবে নিতে নারাজ।
পরমব্রতর পাশাপাশি স্বস্তিকা মুখোপাধ্যায়ের বিরুদ্ধেও ক্ষোভ প্রকাশ করেন ওই আইনজীবী। তাঁর অভিযোগ, পরমব্রতর পোস্টে স্বস্তিকার হাসির প্রতিক্রিয়াও বিতর্ককে উসকে দিয়েছিল। তিনি মনে করেন, কোনও মন্তব্য বা প্রতিক্রিয়া যদি পরোক্ষভাবে উত্তেজনা বৃদ্ধি করে, তাহলে তার দায়ও এড়িয়ে যাওয়া যায় না। খবর অনুযায়ী, আইনজীবী সোজাসুজি জানান, আমি পরমব্রত এবং স্বস্তিকা মুখোপাধ্যায় কে তুর্কি নাচ নাচিয়ে ছাড়বো।
সম্প্রতি এই বিতর্ক নিয়ে ব্যাখ্যাও দিয়েছেন স্বস্তিকা। তবে আইনজীবীর মতে, এত বছর পরে ব্যাখ্যা দেওয়ার বদলে সেই সময়েই স্পষ্ট অবস্থান নেওয়া উচিত ছিল। তিনি আরও জানান, কোন ধারায় মামলা রুজু হবে তা তদন্তের পর স্পষ্ট হবে। তবে বিষয়টি শেষ পর্যন্ত এগিয়ে নিয়ে যাওয়ার ব্যাপারে তিনি অনড় বলেই জানিয়েছেন।
এই ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যেই সামাজিক ও রাজনৈতিক মহলে আলোচনা শুরু হয়েছে। পুরনো সোশ্যাল মিডিয়া পোস্ট ঘিরে নতুন করে আইনি বিতর্ক তৈরি হওয়ায় বিষয়টি কোন দিকে মোড় নেয়, এখন সেদিকেই নজর সবার।

Hello friends, Myself Biplab. I have been writing horoscopes since 2019. Since 2022, I have also been writing about entertainment, lifestyle, and trending news.