অভিনেত্রী দর্শনা বণিক হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হওয়ায় উদ্বেগ ছড়িয়েছে তাঁর অনুরাগীদের মধ্যে। গত কয়েক দিন ধরেই জ্বর এবং পেটের সংক্রমণে ভুগছিলেন তিনি। শারীরিক সমস্যার মধ্যেও কাজের ব্যস্ততা থামাননি অভিনেত্রী। একাধিক বিজ্ঞাপনের শুটিং নিয়ে টানা ব্যস্ততার জেরেই শেষ পর্যন্ত তাঁর শারীরিক অবস্থার অবনতি ঘটে বলে জানা গিয়েছে।
প্রথমে চিকিৎসকের পরামর্শ নিতে গেলেও পরে পরিস্থিতি বিচার করে তাঁকে হাসপাতালে ভর্তি করার সিদ্ধান্ত নেওয়া হয়। অভিনেত্রীর স্বামী সৌরভ দাস জানিয়েছেন, দীর্ঘদিন ধরে অনিয়মিত খাওয়া-দাওয়া, পর্যাপ্ত বিশ্রামের অভাব এবং প্রচণ্ড গরমের মধ্যে কাজ করার ফলেই দর্শনার শরীরে দুর্বলতা তৈরি হয়। সেই সঙ্গে ডিহাইড্রেশন ও সংক্রমণের সমস্যাও দেখা দেয়।
সৌরভের কথায়, শুটিংয়ের চাপে দর্শনা হয়তো এমন কিছু খেয়েছিলেন যা তাঁর শরীরের পক্ষে উপযুক্ত ছিল না। এর থেকেই পেটে সংক্রমণ বাড়তে পারে বলে অনুমান চিকিৎসকদের। এছাড়াও বারবার জ্বর ফিরে আসছিল বলেও জানা গিয়েছে।
তবে বর্তমানে অভিনেত্রীর শারীরিক অবস্থা আগের তুলনায় অনেকটাই স্থিতিশীল। চিকিৎসকেরা জানিয়েছেন, উদ্বেগের বিশেষ কারণ নেই। সব কিছু ঠিক থাকলে খুব শীঘ্রই তাঁকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হতে পারে।
উল্লেখ্য, খুব শিগগিরই মুক্তি পেতে চলেছে পরিচালক দেবালয় ভট্টাচার্য-এর নতুন মনস্তাত্ত্বিক থ্রিলার সিরিজ গোর্কির মা। এই সিরিজে গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছেন দর্শনা বণিক, সৌরভ দাস এবং অনন্যা চট্টোপাধ্যায়। নতুন সিরিজ মুক্তির আগেই অভিনেত্রীর অসুস্থতার খবর স্বাভাবিকভাবেই চিন্তা বাড়িয়েছে দর্শকদের মধ্যে।

Hello friends, Myself Biplab. I have been writing horoscopes since 2019. Since 2022, I have also been writing about entertainment, lifestyle, and trending news.