দিল্লি সফরে গিয়ে কেন্দ্রীয় মন্ত্রী ও বিভিন্ন সরকারি সংস্থার সঙ্গে ধারাবাহিক বৈঠক করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বৈঠকের পর তিনি রাজ্যের একাধিক উন্নয়নমূলক প্রকল্প নিয়ে বড় ঘোষণা করেন। নতুন বিজেপি সরকারের আমলে কেন্দ্র ও রাজ্যের সমন্বয়ে বহুদিন আটকে থাকা প্রকল্পগুলির কাজ দ্রুত এগিয়ে নিয়ে যাওয়ার আশ্বাস দেওয়া হয়েছে বলে জানান তিনি।
সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে কেন্দ্রের জল জীবন মিশন প্রকল্পকে। এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের বিভিন্ন এলাকায় বিশুদ্ধ পানীয় জল পৌঁছে দেওয়ার কাজ জোরদার করা হবে। মুখ্যমন্ত্রীর দাবি, কেন্দ্র ইতিমধ্যেই পশ্চিমবঙ্গের জন্য প্রায় ৩৯ হাজার কোটি টাকার বরাদ্দ অনুমোদন করেছে। এতদিন রাজনৈতিক টানাপোড়েনের কারণে বহু প্রকল্পের অর্থপ্রবাহ ও বাস্তবায়ন বাধার মুখে পড়েছিল বলেও তিনি ইঙ্গিত দেন।
স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রেও বড় পরিবর্তনের ইঙ্গিত দিয়েছেন শুভেন্দু অধিকারী। তিনি জানান, খুব শীঘ্রই বাংলায় আয়ুষ্মান ভারত প্রকল্প কার্যকর করার উদ্যোগ নেওয়া হচ্ছে। সেই সঙ্গে চালু হতে পারে ‘আয়ুষ্মান মন্দির’ নামে নতুন স্বাস্থ্যকেন্দ্র। দিল্লির মহল্লা ক্লিনিকের আদলে গড়ে ওঠা এই কেন্দ্রগুলিতে সাধারণ মানুষ বিনামূল্যে প্রাথমিক চিকিৎসা পরিষেবা পাবেন। এ বিষয়ে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের সঙ্গে রাজ্য সরকারের ভার্চুয়াল বৈঠক হওয়ার কথাও জানিয়েছেন তিনি।
মুখ্যমন্ত্রীর বক্তব্য, অতীতে কেন্দ্রীয় প্রকল্পগুলির নাম পরিবর্তন করায় অনেক সময় বরাদ্দ ও অনুমোদনের ক্ষেত্রে সমস্যা তৈরি হয়েছিল। নতুন সরকার সেই জট কাটিয়ে কেন্দ্রীয় প্রকল্পগুলি মূল কাঠামোয় চালু করতে আগ্রহী।
এদিন অবৈধ অনুপ্রবেশ নিয়েও কড়া অবস্থান স্পষ্ট করেন শুভেন্দু অধিকারী। তিনি বলেন, চিহ্নিত অনুপ্রবেশকারীদের দীর্ঘদিন জেলে রেখে সরকারি অর্থ অপচয় করা হবে না। আইন মেনে তাঁদের নিজ দেশে ফেরত পাঠানোর ব্যবস্থা করা হবে।
এছাড়াও রাজ্যের সড়ক পরিকাঠামো উন্নয়ন নিয়েও কেন্দ্রীয় সংস্থাগুলির সঙ্গে আলোচনা হয়েছে। জাতীয় সড়ক কর্তৃপক্ষ এবং পূর্ত দফতরের মধ্যে সমন্বয় বাড়িয়ে দ্রুত রাস্তা ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন করার পরিকল্পনার কথাও জানান মুখ্যমন্ত্রী।

Hello friends, Myself Biplab. I have been writing horoscopes since 2019. Since 2022, I have also been writing about entertainment, lifestyle, and trending news.