বাড়ির স্নানঘর পরিষ্কার রাখা অনেকের কাছেই বেশ ঝামেলার কাজ। বিশেষ করে কাচের দেওয়াল থাকলে সমস্যা আরও বাড়ে। কিছু দিনের মধ্যেই সেখানে জলের দাগ, সাদা ছোপ বা অস্বচ্ছ ভাব দেখা দেয়। অথচ বড় বড় হোটেলে গেলে দেখা যায়, স্নানঘরের কাচ সব সময় ঝকঝকে ও স্বচ্ছ। অনেকেই ভাবেন, এর জন্য বিশেষ যন্ত্র বা পেশাদার পরিষ্কারকর্মীর প্রয়োজন হয়। বাস্তবে কিন্তু কয়েকটি সহজ কৌশল মেনে চললেই বাড়িতেও হোটেলের মতো চকচকে রাখা সম্ভব স্নানঘরের কাচ।
প্রথম ধাপ হল বাথরুমে বাষ্প তৈরি করা। গিজার চালিয়ে গরম জল চালু করে কিছু ক্ষণ শাওয়ার বা কল খোলা রাখুন। এতে পুরো স্নানঘর বাষ্পে ভরে যাবে। এই বাষ্প কাচের উপর জমে থাকা ময়লা ও দাগ নরম করতে সাহায্য করে। বাথরুমে পর্যাপ্ত বাষ্প তৈরি হলে জল বন্ধ করে পরিষ্কার করার কাজ শুরু করতে হবে।
কাচ পরিষ্কারের জন্য ব্যবহার করা যেতে পারে মেলামাইন ফোম প্যাড বা বিশেষ ধরনের ক্লিনিং স্পঞ্জ। এই প্যাড সাধারণ স্পঞ্জের তুলনায় অনেক বেশি কার্যকর। এটি হালকা ঘষাতেই কাচের উপর জমে থাকা দাগ তুলে ফেলতে পারে। কাচ পরিষ্কার করার সময় নিচ থেকে উপর দিকে আলতো হাতে মুছতে হবে। এতে দাগ সহজে উঠে যায় এবং কাচে নতুন করে দাগ পড়ার সম্ভাবনাও কমে।

পরিষ্কারের পরে ঠান্ডা জল দিয়ে কাচ ধুয়ে শুকনো কাপড় দিয়ে মুছে নিলে আরও ভাল ফল পাওয়া যায়। নিয়মিত এভাবে পরিষ্কার করলে কাচ দীর্ঘদিন স্বচ্ছ ও উজ্জ্বল থাকবে।
বিশেষজ্ঞদের মতে, কাচে সাদা দাগ পড়ার অন্যতম কারণ হল ‘খর জল’ বা হার্ড ওয়াটার। অনেক জায়গার জলে ক্যালশিয়াম ও ম্যাগনেশিয়ামের মতো খনিজের পরিমাণ বেশি থাকে। জল শুকিয়ে গেলে সেই খনিজ কাচের গায়ে জমে থেকে দাগ তৈরি করে। দীর্ঘদিন পরিষ্কার না করলে তা কাচের স্বচ্ছতা নষ্ট করতে পারে। তাই স্নানঘরের কাচ পরিষ্কার রাখার জন্য নিয়মিত যত্ন নেওয়া অত্যন্ত জরুরি।
Sumi has been waiting lifestyle, vastu Tips since 2026.