হড়পা বানে বিধ্বস্ত নেপালে এখনও নিখোঁজ রয়েছেন ২৮৭ জন ভারতীয়। শনিবার বিকেলে ভারতের বিদেশ মন্ত্রকের তরফে জানানো হয়েছে, এখনও পর্যন্ত ৮৮ জন ভারতীয়কে উদ্ধার করা সম্ভব হয়েছে। উদ্ধার হওয়া ব্যক্তিদের মধ্যে চার জনকে শনিবার রাসুয়া জেলা থেকে উদ্ধার করে কাঠমান্ডু নিয়ে যাওয়া হচ্ছে। সেখান থেকে তাঁদের ভারতে ফিরিয়ে আনার ব্যবস্থা করা হবে।
নেপালের রাসুয়া জেলায় গত বুধবার সকালে ভয়াবহ হড়পা বানের ঘটনা ঘটে। তিব্বত সীমান্তের কাছে ভোটেকোশী নদীতে আচমকা জল ও কাদামাটির প্রবল স্রোতে ভেসে যায় একাধিক গ্রাম। ওই এলাকায় একটি হাইড্রোপাওয়ার প্রকল্পের কাজ চলছিল। হড়পা বানের জেরে প্রকল্প এলাকাটিও ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
বিদেশ মন্ত্রক জানিয়েছে, শনিবার রাসুয়া জেলা থেকে চার ভারতীয়কে উদ্ধার করা হয়েছে। তাঁদের নাম রিপু কুমার, চানেশ্বর নারজ়ারি, কৃপা শঙ্কর এবং মহম্মদ মিনহাজুদ্দিন। উদ্ধার হওয়া এই চার জনকে প্রথমে কাঠমান্ডু নিয়ে যাওয়া হবে। এরপর তাঁদের দেশে ফেরানোর ব্যবস্থা করা হবে।
আরও পড়ুন,
‘জলের রঙ গাঢ় হচ্ছে’, ফের নয়া বিপদের সতর্কবার্তা নেপালে! উদ্ধারকারী টিম পাঠাল ভারত, ত্রাণে কী কী?
নেপালে আটকে পড়া ভারতীয়দের উদ্ধারে ইতিমধ্যেই তৎপর হয়েছে নয়াদিল্লি। পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখতে ভারত ফরেনসিক বিশেষজ্ঞ এবং সুড়ঙ্গ খননে দক্ষ একটি দল পাঠানোর উদ্যোগ নিয়েছে। ভারতীয় বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সবাল জানিয়েছিলেন, প্রাথমিক দল গিয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করবে এবং উদ্ধারকাজের জন্য কী ধরনের সরঞ্জামের প্রয়োজন, তা খতিয়ে দেখবে। সেই রিপোর্টের ভিত্তিতেই মূল উদ্ধারকারী দল পাঠানো হবে।
এর পাশাপাশি নেপালে একাধিক ফরেনসিক দল পাঠাচ্ছে ভারত। মৃতদেহ শনাক্তকরণে ডিএনএ নমুনা পরীক্ষার ক্ষেত্রে তারা সাহায্য করবে। বিশেষ প্রযুক্তিবিদদের একটি দলও ইতিমধ্যে নেপালে পৌঁছেছে। ১১ জন বিশেষজ্ঞের এই দল সুড়ঙ্গ এলাকায় উদ্ধারকাজে প্রয়োজনীয় প্রযুক্তিগত সহায়তা দেবে। শনিবার আরও একটি ভারতীয় দল কাঠমান্ডু পৌঁছনোর কথা।
নেপাল পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, ভয়াবহ হড়পা বানের ঘটনায় এখনও পর্যন্ত ৫৯৯ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। নিখোঁজ রয়েছেন আরও অনেকে। প্রবল বৃষ্টির কারণে একাধিক জায়গায় বার বার ব্যাহত হচ্ছে উদ্ধারকাজ। তবুও বিপর্যস্ত এলাকায় আটকে পড়া মানুষজনকে দ্রুত নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা চালাচ্ছে উদ্ধারকারী দলগুলি।
এখনও পর্যন্ত আড়াই হাজারেরও বেশি মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। বিপর্যয়ের পর থেকেই নেপালের পাশে দাঁড়িয়েছে ভারত। বুধবার থেকে নেপালের বন্যাবিধ্বস্ত এলাকায় ত্রাণসামগ্রী পাঠানো হচ্ছে। বিদেশ মন্ত্রকের তথ্য অনুযায়ী, এখনও পর্যন্ত মোট ৫৭.৬ টন ত্রাণসামগ্রী নেপালে পাঠিয়েছে ভারত।
প্রতিবেশী দেশের এই সহযোগিতার প্রশংসা করেছে নেপাল সরকারও। বিপর্যয়ের সময়ে ভারতের পাশে থাকার উদ্যোগকে তারা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ‘উদারতা’ হিসেবে উল্লেখ করেছে। তবে এখনও বহু ভারতীয় নিখোঁজ থাকায় তাঁদের পরিবারের উদ্বেগ কাটেনি। উদ্ধারকারী দলগুলির সামনে এখন মূল লক্ষ্য দ্রুত নিখোঁজদের সন্ধান করে নিরাপদে ফিরিয়ে আনা।

Hello friends, Myself Biplab. I have been writing horoscopes since 2019. Since 2022, I have also been writing about entertainment, lifestyle, and trending news.