ইউনিক আইডেন্টিফিকেশন অথারিটি অব ইন্ডিয়া (UIDAI) আধার ব্যবহারকারীদের জন্য বড় স্বস্তির খবর নিয়ে এল। আধার সেন্টারে বারবার ছুটতে না গিয়ে এবার মোবাইলেই মিলবে প্রায় সব পরিষেবা। বুধবার, ২৮ জানুয়ারি আনুষ্ঠানিকভাবে লঞ্চ করা হয়েছে UIDAI-এর নতুন Aadhaar App, যা ডিজিটাল পার্সোনাল ডেটা প্রোটেকশন অ্যাক্টের নিয়ম মেনে তৈরি।
কেন্দ্রীয় ইলেকট্রনিক্স ও তথ্য প্রযুক্তি সেক্রেটারি এস কৃষ্ণান জানান, সুশাসন নিয়ম ২০২০-র অধীনে আধার অথেনটিকেশনের নিয়মে পরিবর্তন এনে এই অ্যাপ চালু করা হয়েছে। এর মূল লক্ষ্য—ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্যের নিরাপত্তা বজায় রেখে ডিজিটাল ভেরিফিকেশনকে আরও সহজ করা।
এই নতুন আধার অ্যাপের অন্যতম গুরুত্বপূর্ণ ফিচার হল বয়স যাচাই (Age Verification)। ডিজিটাল পার্সোনাল ডেটা প্রোটেকশন অ্যাক্ট অনুযায়ী, অতিরিক্ত কোনও ব্যক্তিগত তথ্য শেয়ার না করেই বয়স যাচাই করা যাবে। বর্তমানে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম, অনলাইন গেমিং অ্যাপ ও ই-কমার্স সাইটে বয়স ভেরিফিকেশন অত্যন্ত জরুরি। নতুন অ্যাপের মাধ্যমে এই প্রক্রিয়া সহজ হওয়ায় অনলাইন প্ল্যাটফর্মগুলি শিশুদের জন্য অনুপযুক্ত কনটেন্ট বা পণ্য সহজেই নিয়ন্ত্রণ করতে পারবে।
UIDAI জানিয়েছে, এই অ্যাপ গুগল প্লে স্টোর ও অন্যান্য অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করা যাবে। হোটেল, সিনেমা হল, বিমানবন্দর কিংবা অনলাইন ফর্ম—যেখানে পরিচয় যাচাইয়ের প্রয়োজন পড়ে, সেখানেই ব্যবহার করা যাবে এই ডিজিটাল আধার ভেরিফিকেশন। ফলে আধারের কাগজের কপি বহনের প্রয়োজন থাকবে না, কমবে অপব্যবহারের ঝুঁকিও।
UIDAI-এর সিইও ভূবনেশ কুমার জানিয়েছেন, এই নতুন অ্যাপের মাধ্যমে ঘরে বসেই ঠিকানা ও মোবাইল নম্বর আপডেট করা যাবে। এর জন্য আর আধার সেন্টারে যাওয়ার দরকার হবে না। পাশাপাশি অ্যাপে থাকবে একটি ডিজিটাল কনট্যাক্ট কার্ড ফিচার, যা প্রয়োজন অনুযায়ী ব্যবহার করা যাবে।
আরও একটি গুরুত্বপূর্ণ সুবিধা হল—একজন ব্যবহারকারী নিজের অ্যাপে সর্বাধিক পাঁচজনের প্রোফাইল সংরক্ষণ করতে পারবেন। এর মধ্যে থাকতে পারেন সন্তান বা বৃদ্ধ মা-বাবা, যাঁদের আলাদা মোবাইল নম্বর নেই। বিমানবন্দর, সিনেমা হল বা অন্য যেকোনও জায়গায় যেখানে ডিজিটাল অথেনটিকেশন দরকার, সেখানে এই এক অ্যাপেই একাধিক প্রোফাইল ব্যবহার করা যাবে।
সব মিলিয়ে, নতুন Aadhaar App আধার পরিষেবাকে আরও সুরক্ষিত, দ্রুত ও ব্যবহারবান্ধব করে তুলবে। ডিজিটাল ইন্ডিয়ার পথে এটি UIDAI-এর আর এক বড় পদক্ষেপ বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

Hello friends, Myself Biplab. I have been writing horoscopes since 2019. Since 2022, I have also been writing about entertainment, lifestyle, and trending news.