এনগেজমেন্টের পর কেটে গিয়েছে প্রায় আট বছর। তবুও বিয়ের পিঁড়িতে বসেননি অভিনেত্রী পূজা বেদি। দীর্ঘদিনের সঙ্গী মানেক কন্ট্রাক্টরের সঙ্গে সম্পর্কে থাকলেও আইনি বিয়ের প্রয়োজন অনুভব করছেন না তিনি। সম্প্রতি ভিকি লালওয়ানির ইউটিউব চ্যানেলে এক খোলামেলা কথোপকথনে নিজের সিদ্ধান্তের কারণ জানিয়েছেন অভিনেত্রী।
পূজার কথায়, এনগেজমেন্টের অর্থই হল একে অপরের সঙ্গে জীবন কাটানোর প্রতিশ্রুতি। সেই প্রতিশ্রুতিই তাঁর কাছে যথেষ্ট। আলাদা করে বিয়ের কাগজে সই করে সম্পর্কে সরকারকে যুক্ত করার প্রয়োজন দেখেন না তিনি।
অভিনেত্রী বলেন, সময়ের সঙ্গে বিয়ে সম্পর্কে তাঁর দৃষ্টিভঙ্গির পরিবর্তন হয়েছে। একসময় বিয়ের প্রতিষ্ঠানের উপর তাঁর বিশ্বাস থাকলেও এখন মনে করেন, দু’জন মানুষের পারস্পরিক ভালোবাসা, প্রতিশ্রুতি এবং বোঝাপড়াই সম্পর্কের আসল ভিত্তি। পূজা ও মানেক—দু’জনেই এর আগে বিবাহিত ছিলেন এবং তাঁদের আগের সম্পর্কের সন্তানও রয়েছে। পূজার দুই সন্তান আলাইয়া এফ ও ওমর। অভিনেত্রীর মতে, আইনি বিয়ে না করার ফলে তাঁদের সম্পত্তি ও সন্তানদের ভবিষ্যৎ নিয়ে বিষয়গুলি তুলনামূলকভাবে সহজ থাকে।
পূজার বক্তব্য অনুযায়ী, তাঁর সম্পদ তাঁর সন্তানদের কাছে যাবে এবং মানেকের সম্পদ তাঁর সন্তানদের কাছে যাবে। ফলে ভবিষ্যতে সম্পত্তি নিয়ে জটিলতার সম্ভাবনাও কম থাকে। এছাড়া আর্থিক দিক থেকেও তাঁরা কেউ কারও উপর নির্ভরশীল নন। পূজা জানান, তিনি নিজে উপার্জন করেন, মানেকও নিজের ক্ষেত্রে আর্থিকভাবে স্বাধীন। তাই নিরাপত্তা বা আর্থিক সুরক্ষার জন্য তাঁদের বিয়ের প্রয়োজন নেই।
‘নতুন কোনও চুক্তিতে যেতে চাই না’
পূজা স্পষ্ট করেছেন, তিনি জীবনে আর কোনও নতুন আইনি ‘চুক্তি’তে আবদ্ধ হতে চান না। তাঁর কাছে বর্তমান সম্পর্কটি ভালোবাসা, স্বাধীনতা এবং পারস্পরিক বোঝাপড়ার উপর দাঁড়িয়ে রয়েছে। তাই সেই সম্পর্ককে বিয়ের আইনি কাঠামোয় নিয়ে যাওয়ার প্রয়োজন বোধ করছেন না। তবে বিয়ের বিরোধী নন পূজা। তাঁর মতে, অন্যদের জন্য বিয়ে সুন্দর একটি অনুভূতি হতে পারে এবং যাঁরা বিয়ে করতে চান, তাঁদের অবশ্যই করা উচিত। কিন্তু তাঁর নিজের জীবনে এখন আর বিয়ের প্রয়োজন নেই।
কীভাবে শুরু হয়েছিল পূজা-মানেকের সম্পর্ক?
পূজা বেদি ১৯৯৪ সালে ব্যবসায়ী ফারহান ফার্নিচারওয়ালাকে বিয়ে করেছিলেন। ২০০৩ সালে তাঁদের বিবাহবিচ্ছেদ হয়। এরপর স্কুলের এক রিইউনিয়নের সূত্রে মানেক কন্ট্রাক্টরের সঙ্গে তাঁর ফের যোগাযোগ তৈরি হয়। ধীরে ধীরে সেই পুরনো পরিচয় পরিণত হয় সম্পর্কে। ২০১৯ সালে অত্যন্ত রোম্যান্টিক এবং নাটকীয় কায়দায় হট-এয়ার বেলুনে চড়ে পূজাকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন মানেক। সেই মুহূর্তের ছবি ও তাঁদের এনগেজমেন্টের খবরও তখন যথেষ্ট চর্চায় এসেছিল।
তবে আট বছর পরেও সেই এনগেজমেন্টের পরবর্তী ধাপ হিসেবে বিয়ের পথে হাঁটছেন না পূজা। আইনি সিলমোহরের বদলে ভালোবাসা, স্বাধীনতা এবং নিজেদের মতো করে জীবন কাটানোতেই আপাতত স্বচ্ছন্দ এই তারকা জুটি।

Hello friends, Myself Biplab. I have been writing horoscopes since 2019. Since 2022, I have also been writing about entertainment, lifestyle, and trending news.