সৌরভ গঙ্গোপাধ্যায়ের জীবনীভিত্তিক ছবি ‘দাদা’ নিয়ে দর্শকদের আগ্রহ ক্রমেই বাড়ছে। ইতিমধ্যেই জানা গিয়েছে, ছবিতে ডোনা গঙ্গোপাধ্যায়ের চরিত্রে দেখা যাবে অভিনেত্রী তান্যা মানিকতলাকে। এবার প্রকাশ্যে এল আরও এক গুরুত্বপূর্ণ চরিত্রের নাম। সৌরভের দাদা স্নেহাশিস গঙ্গোপাধ্যায়ের ভূমিকায় অভিনয় করছেন বাংলা ইন্ডাস্ট্রির অভিনেতা রাহুল দেব বসু।
ছবির পরিচালনার দায়িত্বে রয়েছেন বিক্রমাদিত্য মোটওয়ানে এবং প্রযোজক লাভ রঞ্জন। সূত্রের দাবি, রাহুলের লুক ও স্ক্রিন উপস্থিতি পরিচালকের বিশেষ পছন্দ হওয়াতেই তাঁকে এই গুরুত্বপূর্ণ চরিত্রের জন্য বেছে নেওয়া হয়েছে। যদিও অভিনেতার পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিকভাবে কোনও মন্তব্য পাওয়া যায়নি।
ইন্ডাস্ট্রি সূত্রে আরও জানা যাচ্ছে, মে মাসের শুরু থেকেই রাহুল মুম্বইয়ে রয়েছেন এবং ছবির শুটিংয়ে অংশ নিয়েছেন। ছবিতে সৌরভ গঙ্গোপাধ্যায়ের চরিত্রে অভিনয় করছেন রাজকুমার রাও। রাহুলের বেশির ভাগ দৃশ্য নাকি রাজকুমারের সঙ্গেই রয়েছে। পাশাপাশি ডোনার চরিত্রের সঙ্গেও তাঁর কিছু গুরুত্বপূর্ণ মুহূর্ত থাকতে পারে বলে শোনা যাচ্ছে।
ছবির অন্যান্য কাস্ট নিয়েও জল্পনা তুঙ্গে। সৌরভের মায়ের চরিত্রে অভিনেত্রী অপরাজিতা আঢ্যকে দেখা যেতে পারে বলে খবর মিলেছে। যদিও এই বিষয়ে নির্মাতাদের তরফে এখনও কোনও আনুষ্ঠানিক ঘোষণা হয়নি।
প্রথমে পরিকল্পনা ছিল মার্চ মাস থেকেই কলকাতায় শুটিং শুরু করার। কিন্তু বিধানসভা নির্বাচন ও আইপিএলের ব্যস্ত সূচির কারণে সেই পরিকল্পনায় পরিবর্তন আসে। পরে মুম্বইতেই শুরু হয় ছবির কাজ। সেখানে বিশেষভাবে তৈরি করা হয়েছে ইডেন গার্ডেন্স স্টেডিয়ামের আদলে একটি বিশাল সেট।
ছবির জন্য নিজেকে প্রস্তুত করতে উল্লেখযোগ্য শারীরিক পরিবর্তনও এনেছেন রাজকুমার রাও। চরিত্রের সঙ্গে মানিয়ে নিতে তিনি ওজন বাড়িয়েছেন বলেও জানা গিয়েছে। সব মিলিয়ে, ভারতীয় ক্রিকেটের অন্যতম জনপ্রিয় অধিনায়ককে বড়পর্দায় দেখতে এখন থেকেই উন্মুখ অনুরাগীরা।

Hello friends, Myself Biplab. I have been writing horoscopes since 2019. Since 2022, I have also been writing about entertainment, lifestyle, and trending news.