বাংলা বিনোদন জগতে ফের খুশির খবর। পরিচালক রাজা চন্দ এবং অভিনেত্রী পিয়ান সরকারের আট বছরের দাম্পত্যে এল নতুন সদস্য। কন্যাসন্তানের বাবা-মা হলেন তারকাদম্পতি। বুধবার দুপুরে এক বেসরকারি হাসপাতালে সন্তানের জন্ম দেন পিয়ান।
জানা গিয়েছে, মা ও সদ্যোজাত দু’জনেই সুস্থ রয়েছেন। সন্তান জন্মের পর হাসপাতাল থেকেই নিজেদের আনন্দের কথা জানিয়েছেন পিয়ান। প্রথমবার মেয়েকে কোলে নেওয়ার মুহূর্তের অনুভূতি জানাতে গিয়ে তিনি বলেন, “মেয়ে হয়েছে। প্রথমবার কোলে নিয়ে আমি আর রাজা দু’জনেই কেঁদে ফেলেছি। এই অনুভূতিটা ভাষায় প্রকাশ করার মতো নয়।”
অন্যদিকে, বাবা হিসেবে নতুন ইনিংস শুরু করে স্বাভাবিকভাবেই উচ্ছ্বসিত রাজা চন্দ। এই মুহূর্তকে ‘ম্যাজিক্যাল’ অনুভূতি বলে উল্লেখ করেছেন পরিচালক। আপাতত স্ত্রী পিয়ান এবং সদ্যোজাত মেয়ের সঙ্গে কয়েকদিন হাসপাতালেই থাকবেন তিনি। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী ছুটি পাওয়ার পর মা ও মেয়েকে নিয়ে বাড়ি ফিরবেন রাজা।
সন্তান আসার খবরটি এতদিন ব্যক্তিগত পরিসরেই রেখেছিলেন রাজা-পিয়ান। ঘনিষ্ঠ মহল ছাড়া তেমন কেউ বিষয়টি জানতেন না। তবে গত জুলাইয়ে নিজের জন্মদিনের আবহে প্রথমবার বাবা-মা হওয়ার সুখবর প্রকাশ্যে আনেন রাজা। সেই সময় তারকাদম্পতি জানিয়েছিলেন, নতুন সদস্যের আগমনের খবরে তাঁরা এতটাই উত্তেজিত যে আনন্দ ভাষায় প্রকাশ করা কঠিন।
পাশাপাশি, স্ত্রী পিয়ানের মাতৃত্বের যাত্রায় তাঁকে যেন নতুন করে আবিষ্কার করছেন বলেও জানিয়েছিলেন রাজা। এবার সেই অপেক্ষার অবসান। পুজোর মুখে রাজা-পিয়ানের সংসারে কন্যাসন্তানের আগমনে খুশির হাওয়া টলিপাড়ায়। শুভেচ্ছায় ভাসছেন নতুন বাবা-মা।

Hello friends, Myself Biplab. I have been writing horoscopes since 2019. Since 2022, I have also been writing about entertainment, lifestyle, and trending news.