Rajesh Sharma: গত কয়েক দিন ধরে অভিনেতা রাজেশ শর্মার শারীরিক অবস্থা নিয়ে নানা জল্পনা ছড়িয়েছে। হাসপাতালে ভর্তি হওয়ার পর তাঁর অসুস্থতা নিয়ে একাধিক তথ্য সামনে এলেও, সেই সব দাবি সম্পূর্ণভাবে খারিজ করে দিলেন অভিনেতার আপ্তসহায়ক শুভাশিস পাণ্ডা। তাঁর দাবি, রাজেশকে নিয়ে যে খবর ছড়িয়েছে, তার অনেকটাই ভুল এবং বিভ্রান্তিকর।
গত তিন দিন ধরে হাসপাতালে ভর্তি রয়েছেন রাজেশ শর্মা। বুধবার সঞ্চালিকা সুদীপা চট্টোপাধ্যায় জানিয়েছিলেন, হায়দরাবাদে শুটিং চলাকালীন বিষাক্ত মাকড়সার কামড়ে গুরুতর সংক্রমণ ছড়িয়ে পড়ে অভিনেতার শরীরে। পাশাপাশি তিনি দাবি করেছিলেন, রাজেশের শারীরিক পরিস্থিতি এখনও উদ্বেগজনক। তাঁর কথায়, অভিনেতার রক্তে শর্করার মাত্রা ওঠানামা করছে এবং অক্সিজেন স্যাচুরেশনও কমে যাচ্ছে।
তবে এই সমস্ত তথ্যকে সম্পূর্ণভাবে নস্যাৎ করেছেন শুভাশিস পাণ্ডা। অভিনেতার আপ্তসহায়ক জানিয়েছেন, হায়দরাবাদে শুটিংয়ের সময় কোনও রকম দুর্ঘটনা বা বিষাক্ত প্রাণীর কামড়ের ঘটনা ঘটেনি। তিনি বলেন, “দাদা ভাল আছেন। কেন ভুল তথ্য ছড়ানো হচ্ছে, জানি না। আমরা বৃহস্পতিবার কলকাতায় ফিরেছি। রবিবার আচমকাই দাদার পায়ে সংক্রমণ দেখা দেয়।”
শুভাশিসের দাবি, রাজেশের দীর্ঘদিনের উচ্চ রক্তে শর্করার সমস্যার কারণেই সংক্রমণ দ্রুত ছড়িয়েছে। তাঁর কথায়, “সুগার থাকলে এমনিতেই সংক্রমণ তাড়াতাড়ি বাড়ে। পা চুলকোতে গিয়েই সমস্যার সূত্রপাত হয়েছিল। তবে যা কিছু হয়েছে, তা শুধুমাত্র ত্বকের স্তরেই সীমাবদ্ধ। শরীরের ভিতরে কোনও সংক্রমণ ছড়িয়ে পড়েনি।”
তিনি আরও জানান, অভিনেতার সঙ্গে প্রায় সব সময়ই তিনি থাকেন। সেই কারণেই হায়দরাবাদে শুটিং চলাকালীন কোনও অস্বাভাবিক ঘটনা ঘটার সম্ভাবনা নেই বলেও দাবি করেন শুভাশিস। তাঁর অভিযোগ, ভুল তথ্যের কারণে রাজেশের অনুরাগী এবং শুভাকাঙ্ক্ষীদের মধ্যে অযথা উদ্বেগ তৈরি হয়েছে।
এদিকে, অভিনেতার পরিবারের তরফ থেকেও অনুরোধ করা হয়েছে, তাঁর শারীরিক অবস্থা নিয়ে ভিত্তিহীন খবর যেন আর না ছড়ানো হয়। চিকিৎসকদের পর্যবেক্ষণে বর্তমানে রাজেশ শর্মার শারীরিক অবস্থা স্থিতিশীল বলেই জানা গিয়েছে। আপ্তসহায়কের দাবি, দ্রুত সুস্থ হয়ে খুব শিগগিরই বাড়ি ফিরবেন অভিনেতা।

Hello friends, Myself Biplab. I have been writing horoscopes since 2019. Since 2022, I have also been writing about entertainment, lifestyle, and trending news.