প্রতিদিন ঘর মোছার পরেও অনেক সময় মেঝে পুরোপুরি পরিষ্কার দেখায় না। ধুলো-ময়লা উঠে গেলেও চা-কফির দাগ, তেলচিটে ভাব কিংবা জমে থাকা কালচে ছোপ থেকেই যায়। অনেকেই মনে করেন, বেশি সাবান বা ফিনাইল ব্যবহার করলেই মেঝে চকচকে হবে। কিন্তু বাস্তবে ভুল পদ্ধতিতে পরিষ্কার করলে উল্টে ময়লাই আরও বেশি মেঝের সঙ্গে লেগে বসে।
বিশেষজ্ঞদের মতে, শুধুমাত্র জল, সাবান বা ফিনাইল দিয়ে মেঝে মোছার আগে একটি গুরুত্বপূর্ণ ধাপ অনুসরণ করা প্রয়োজন। এই পদ্ধতিতে প্রথমেই শুকনো মেঝের উপর বিশেষ মিশ্রণ ব্যবহার করতে হয়। এতে জমে থাকা জেদি ময়লা সহজে আলগা হয়ে যায় এবং পরে মেঝে অনেক বেশি পরিষ্কার দেখায়।
এই কৌশলের জন্য প্রয়োজন মাত্র দু’টি সাধারণ উপকরণ— নুন এবং বেকিং সোডা। বিশেষ করে টাইলস ও মার্বেলের মেঝেতে এই পদ্ধতি বেশ কার্যকর বলে মনে করা হয়।

প্রথমে সমপরিমাণ নুন ও বেকিং সোডা একটি পাত্রে মিশিয়ে নিতে হবে। তারপর স্ক্রাবার বা শক্ত ব্রাশের সাহায্যে শুকনো মেঝের উপর সেই মিশ্রণ ঘষে লাগাতে হবে। নুন শক্ত দাগ ও জমে থাকা ময়লা তুলতে সাহায্য করে, আর বেকিং সোডা তেলচিটে ভাব কমাতে কার্যকর।
কিছুক্ষণ ঘষার পর ঝাঁটা বা শুকনো কাপড় দিয়ে মিশ্রণটি পরিষ্কার করে ফেলতে হবে। এরপর ঈষদুষ্ণ জলে অল্প সাবান ও ফিনাইল মিশিয়ে স্বাভাবিক নিয়মে মেঝে মুছে নিলেই পার্থক্য চোখে পড়বে। গরম জল মেঝেতে লেগে থাকা অতিরিক্ত তেল ও সাবানের আস্তরণও দূর করতে সাহায্য করে।
সপ্তাহে অন্তত এক দিন এই পদ্ধতিতে ঘর পরিষ্কার করলে মেঝে অনেক বেশি উজ্জ্বল ও সতেজ দেখাতে পারে। পাশাপাশি ঘরের দুর্গন্ধও কমে এবং মেঝের পুরনো জেল্লা অনেকটাই ফিরে আসে।
Sumi has been waiting lifestyle, vastu Tips since 2026.