টলিপাড়ার পরিচিত মুখ সম্পূর্ণা লাহিড়ী সম্প্রতি তাঁর সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নিয়েছেন এক আবেগঘন পোস্ট। বাবার জন্মবার্ষিকী উপলক্ষে শেয়ার করা সেই পোস্টে উঠে এসেছে ছোটবেলার বহু স্মৃতি, ভালবাসা আর হারানোর গভীর যন্ত্রণা। পোস্টের সঙ্গে অভিনেত্রী প্রকাশ করেছেন কয়েকটি ব্যক্তিগত ছবিও, যার মধ্যে একটি ছবিতে দেখা যায় ছোট্ট সম্পূর্ণাকে বাবার কোলে হাসিমুখে বসে থাকতে।
বর্তমানে টেলিভিশন ও সিনেমা— দুই ক্ষেত্রেই পরিচিত মুখ সম্পূর্ণা। তবে ব্যক্তিগত জীবনে গত এক বছরে কঠিন সময়ের মধ্য দিয়ে যেতে হয়েছে তাঁকে। কয়েক মাসের ব্যবধানে হারিয়েছেন বাবা ও মাকে। অভিনেত্রীর বাবা নীলাদ্রি লাহিড়ী, যিনি নিজেও অভিনয়ের সঙ্গে যুক্ত ছিলেন, গত বছর প্রয়াত হন। এরপর চলতি বছরের ফেব্রুয়ারিতে মাকেও হারান সম্পূর্ণা। এই দ্বৈত শোক তাঁকে মানসিকভাবে গভীরভাবে নাড়িয়ে দেয়।
বাবার জন্মদিনে করা পোস্টে সম্পূর্ণা লিখেছেন, তাঁর জীবনের সবচেয়ে প্রিয় মানুষ ছিলেন তাঁর বাবা। বাবাকে ছাড়া কাটানো গত কয়েক মাস যেন কোনওভাবেই সম্পূর্ণ মনে হয়নি। জীবনের প্রতিটি মুহূর্তে তিনি বাবার অভাব অনুভব করেন বলেও জানিয়েছেন অভিনেত্রী।
তিনি আরও জানান, জীবনের নানা উদ্বেগ, কষ্ট বা অনিশ্চয়তার সময়ে বাবাই ছিলেন তাঁর সবচেয়ে বড় ভরসা। বাবার এমন এক ক্ষমতা ছিল, যা দিয়ে তিনি সহজেই কঠিন পরিস্থিতিকেও হালকা করে দিতে পারতেন। সেই আশ্রয় হারিয়ে জীবন এখন অনেক বেশি কঠিন বলে মনে হয় সম্পূর্ণার।
অভিনেত্রীর কথায়, আজও তিনি বিশ্বাস করেন তাঁর বাবা কোথাও না কোথাও তাঁকে আগের মতোই আগলে রাখছেন এবং পথ দেখাচ্ছেন। সমস্ত কষ্টের মধ্যেও তিনি নিজেকে শক্ত রাখার চেষ্টা করছেন এবং এমন একজন মানুষ হয়ে ওঠার লড়াই চালিয়ে যাচ্ছেন, যাকে দেখে তাঁর বাবা গর্ব অনুভব করতেন।
এই আবেগময় পোস্ট প্রকাশ্যে আসতেই অনুরাগীরা ভরিয়ে দিয়েছেন ভালোবাসা ও সমবেদনার বার্তায়। ছোটবেলার সেই ছবিও ইতিমধ্যেই নজর কেড়েছে নেটিজেনদের।

Hello friends, Myself Biplab. I have been writing horoscopes since 2019. Since 2022, I have also been writing about entertainment, lifestyle, and trending news.