কেন্দ্রের বিরুদ্ধে ফের বড়সড় আন্দোলনের হুঁশিয়ারি দিলেন পরিবেশকর্মী সোনম ওয়াংচুক(Sonam Wangchuk)। লাদাখের দীর্ঘদিনের দাবিদাওয়া নিয়ে কেন্দ্র নির্দিষ্ট পদক্ষেপ না করলে আগামী ৯ সেপ্টেম্বরের পর আরও তীব্র আন্দোলনে নামার বার্তা দিয়েছেন তিনি। লেহ অ্যাপেক্স বডি এবং কারগিল ডেমোক্র্যাটিক অ্যালায়েন্স (KDA)-এর তরফে এই আন্দোলনের প্রস্তুতি নেওয়া হচ্ছে।
লেহ অ্যাপেক্স বডির পক্ষ থেকে সোনম ওয়াংচুক জানিয়েছেন, লাদাখ এবং সীমান্তবর্তী এলাকার বাসিন্দাদের সঙ্গে যদি কেন্দ্র বিমাতৃসুলভ আচরণ করে, তাহলে বৃহত্তর আন্দোলন ছাড়া তাঁদের সামনে আর কোনও পথ থাকবে না। লাদাখের পূর্ণ রাজ্যের মর্যাদা এবং সংবিধানের ষষ্ঠ তফসিলে অন্তর্ভুক্তির দাবিতে দীর্ঘদিন ধরেই কেন্দ্রের উপর চাপ তৈরি করে আসছেন তাঁরা।
আগামী ৯ সেপ্টেম্বর লাদাখের দাবিদাওয়া নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠক হওয়ার কথা রয়েছে সোনম ওয়াংচুকদের। সেই বৈঠকের দিকে তাকিয়ে রয়েছেন আন্দোলনকারীরা। ওয়াংচুকের বক্তব্য, কেন্দ্র যদি লাদাখবাসীর বৈধ দাবিগুলিতে গুরুত্ব না দেয়, তাহলে তাঁরা আরও বৃহত্তর আন্দোলনের পথে যেতে বাধ্য হবেন।
ইতিমধ্যেই আন্দোলনের পরবর্তী কর্মসূচিও ঘোষণা করেছেন ওয়াংচুক। আগামী ১০ সেপ্টেম্বর থেকে পদযাত্রা শুরু করার কথা রয়েছে। একইসঙ্গে দেশের মানুষের কাছে লাদাখের দাবির পাশে দাঁড়ানোর আবেদন জানিয়েছেন তিনি।
আরও পড়ুন,
ফের কলকাতায় ভয়াবহ অগ্নিকাণ্ড! চিৎপুরের বন্ধ কেমিক্যাল কারখানায় দাউদাউ আগুন
প্রসঙ্গত, ২০১৯ সালে জম্মু ও কাশ্মীর থেকে পৃথক করে লাদাখকে কেন্দ্রশাসিত অঞ্চল হিসেবে ঘোষণা করা হয়। এরপর থেকেই লাদাখে পূর্ণ রাজ্যের মর্যাদা এবং সাংবিধানিক সুরক্ষার দাবিতে আন্দোলন জোরদার হয়েছে। স্থানীয় বাসিন্দাদের একাংশের দাবি, লাদাখকে ষষ্ঠ তফসিলের আওতায় এনে ভূমি, সংস্কৃতি ও স্থানীয় অধিকার সুরক্ষিত করা হোক।
এই দাবিকে কেন্দ্র করে এর আগেও আন্দোলনে নেমেছিলেন সোনম ওয়াংচুক। তাঁর অনশনও দেশজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে আসে। আন্দোলন ঘিরে তাঁকে গ্রেফতারও করা হয়েছিল। এবার ৯ সেপ্টেম্বরের বৈঠকে কেন্দ্র কী সিদ্ধান্ত নেয়, তার উপরই পরবর্তী আন্দোলনের গতিপথ অনেকটাই নির্ভর করছে।

Hello friends, Myself Biplab. I have been writing horoscopes since 2019. Since 2022, I have also been writing about entertainment, lifestyle, and trending news.