Subhasree-Raj: ভোট পর্ব শেষ হতেই আশীর্বাদ নিতে পুরী জগন্নাথ মন্দিরে পৌঁছলেন পরিচালক রাজ চক্রবর্তী (Raj) এবং অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলী (Subhasree)। মাঝেমধ্যেই পুরীমন্দিরে ঈশ্বরের আশীর্বাদ কামনায় হাজির হয়ে যান এই জুটি। যেহেতু এবার ভোটে ভবিষ্যৎ নির্ধারণ হতে চলেছে তাই তারা ঈশ্বরের শরণাপন্ন হয়েছেন আরো একবার।
এদিন বেশ কয়েকটি ছবি পোস্ট করেছেন অভিনেত্রী। যেখানে ভীষণ সাধারণ সাজে দেখা গিয়েছে তাকে। পরনে খুবই সাধারণ শাড়ি। কোনরকম মেকআপ ছাড়াই সেখানে পৌঁছেছিলেন অভিনেত্রী। ছবিগুলো পোস্ট করে ক্যাপশনে লিখেছেন, ‘জগন্নাথঃ স্বামী নযনপথগামী ভবতু মে।’
তবে সেগুলো দেখার পর তাদের প্রশংসার পাশাপাশি সমালোচনায় ভরিয়ে তুলেছেন অনুরাগীরা। যেমন একজন লিখেছেন, ‘দিদি আপনাদের জন্য দীঘায় জগন্নাথ মন্দির বানিয়েছেন, তাহলে পুরী গেলেন কেন?’ অনেকে আবার তার শাঁখা-পলা পরা নিয়েও নানান প্রশ্ন তুলেছেন। সবমিলিয়ে ছবিগুলির মাধ্যমে আলোচনায় উঠে এসেছেন তিনি।
তবে এর আগেও বেশ কিছু বিতর্কিত মন্তব্য করেছিলেন এই অভিনেত্রী। বিধানসভা নির্বাচনে দ্বিতীয় দফার ভোটের পর যখন তাকে এই বিষয়ে প্রশ্ন করা হয় তখন তিনি তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে মহিষাসুরমর্দিনীর সাথে তুলনা করেছিলেন। শুধু তাই নয় আরো একটি বিতর্কিত মন্তব্য করেন আইপিএস অফিসার অজয় পাল শর্মাকে নিয়েও।
এই অফিসারকে নিয়ে রীতিমতো হইচই পড়ে গিয়েছিল ভোটের সময়। তকে ‘সিংহম’ বলেও উল্লেখ করা হয়। এই বিষয়ে তাকে প্রশ্ন করার তিনি বলেছিলেন মহিষাসুরমর্দিনীর বাহন সিংহ। সেও মায়ের পায়ের নীচে অবস্থান করে। যার অর্থ তিনি বলতে চেয়েছিলেন যত বড় অফিসারই হোন না কেন মমতা ব্যানার্জির কাছে তিনি কিছুই নন।

Sudeshna has been writing entertainment reports since 2021.