অঝোর বৃষ্টিতে সেতু ভেঙে নদীতে ট্রাক, মৃত ২! উত্তরবঙ্গে লাল সতর্কতা

টানা ভারী বৃষ্টিতে বিপর্যস্ত উত্তরবঙ্গ। প্রবল বর্ষণের মধ্যেই আলিপুরদুয়ারে ঘটে গেল মর্মান্তিক দুর্ঘটনা। ৩১ নম্বর জাতীয় সড়কের একটি সেতুর রেলিং ভেঙে নদীতে পড়ে যায় একটি পণ্যবাহী ট্রাক। দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ট্রাকের চালক ও খালাসি।

জানা গিয়েছে, শনিবার রাতে ট্রাকটি আলিপুরদুয়ার থেকে হাসিমারার দিকে যাচ্ছিল। মেন্দাবাড়ি এলাকার কাছে ভান্ডানি সেতুর উপর দিয়ে যাওয়ার সময় দুর্ঘটনাটি ঘটে। স্থানীয়দের প্রাথমিক অনুমান, লাগাতার বৃষ্টির কারণে এলাকায় দৃশ্যমানতা অত্যন্ত কমে গিয়েছিল। ফলে চালক সেতুর প্রান্ত ঠিকভাবে বুঝতে না পেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন এবং ট্রাকটি সেতুর রেলিং ভেঙে নদীতে তলিয়ে যায়।

ঘটনার খবর পেয়ে স্থানীয় বাসিন্দারা রাতেই উদ্ধারকাজ শুরু করেন। কিন্তু ভারী বৃষ্টির কারণে নদীর জল দ্রুত বাড়তে থাকায় উদ্ধার অভিযান ব্যাহত হয়। পরে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর (এনডিআরএফ) সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজে নামেন। প্রতিকূল আবহাওয়া ও নদীর স্রোতের কারণে রাতভর অভিযান চালানো কঠিন হয়ে ওঠে। রবিবার সকালে ফের উদ্ধার অভিযান শুরু হয় এবং শেষ পর্যন্ত ট্রাকের চালক ও খালাসির দেহ উদ্ধার করা হয়।

এদিকে গত কয়েক দিন ধরেই উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় লাগাতার বৃষ্টিপাত হচ্ছে। প্রবল বর্ষণের জেরে পাহাড় ও সমতলের একাধিক এলাকায় জনজীবন ব্যাহত হয়েছে। বৃহস্পতিবার রাতের ভারী বৃষ্টিতে দুধিয়া সেতু ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি ১১০ নম্বর জাতীয় সড়কের একাধিক অংশে ধস নামে। ফলে শিলিগুড়ি-দার্জিলিং সংযোগকারী গুরুত্বপূর্ণ এই সড়কে যান চলাচল এখনও স্বাভাবিক হয়নি। বিকল্প রোহিণী সড়ক দিয়ে যানবাহন চলাচল চালু থাকলেও দার্জিলিং হিমালয়ান রেলের টয়ট্রেন পরিষেবা আপাতত বন্ধ রয়েছে।

প্রশাসন জানিয়েছে, দুধিয়া সেতুর পুনর্গঠনের কাজ শুরু হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকলে আগামী কয়েক দিনের মধ্যে সেতুটি ফের চালু করার চেষ্টা চলছে। প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন জেলায় নিয়ন্ত্রণকক্ষও খোলা হয়েছে এবং পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে।

অন্যদিকে, সিকিমেও টানা বৃষ্টির প্রভাব পড়েছে। কয়েকটি গুরুত্বপূর্ণ সড়কে যান চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। তবে রাজ্যের অধিকাংশ প্রধান সড়ক আপাতত খোলা রয়েছে বলে প্রশাসন জানিয়েছে।

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পরিস্থিতি এখনই কাটছে না। জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলায় প্রবল বর্ষণের জন্য লাল সতর্কতা জারি করা হয়েছে। পাশাপাশি দার্জিলিং, কালিম্পং এবং কোচবিহারেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী কয়েক দিন উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টির দাপট অব্যাহত থাকতে পারে বলে পূর্বাভাসে জানানো হয়েছে। মালদহ এবং দুই দিনাজপুর জেলায়ও বজ্রবিদ্যুৎসহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক