বলিউডে বিয়ে ছাড়াই পিতৃত্ব গ্রহণের সিদ্ধান্ত নতুন নয়। এই তালিকায় যেমন রয়েছেন করণ জোহর, তেমনই রয়েছেন তুষার কাপুর। সারোগেসির মাধ্যমে বাবা হওয়ার সিদ্ধান্ত নিয়ে একসময় চর্চার কেন্দ্রে উঠে এসেছিলেন তিনি। সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের জীবনের সেই গুরুত্বপূর্ণ অধ্যায় নিয়ে খোলামেলা কথা বললেন জিতেন্দ্র-পুত্র।
তুষার জানান, বাবা হওয়ার সিদ্ধান্ত নেওয়ার সময় তাঁর বয়স ছিল প্রায় ৪০। তিনি বলেন, তিনি একটু ‘ওল্ড স্কুল’, অনেকটা তাঁর বাবা জিতেন্দ্র-র মতো। তবে জীবনযাপনে আবার অনেক দিক থেকেই আলাদা। আমেরিকায় পাঁচ বছর কাটানোর অভিজ্ঞতা তাঁকে স্বাধীনভাবে বাঁচতে শিখিয়েছে। বিয়েতে বিশ্বাস থাকলেও তিনি বুঝেছিলেন, তা তাঁর জন্য নয়। কিন্তু বাবা হওয়ার ইচ্ছে ছিল প্রবল।
সবচেয়ে চমকপ্রদ তথ্য, এই সিদ্ধান্ত নেওয়ার আগে বাবা-মায়ের সঙ্গে আলাদা করে আলোচনা করেননি তিনি। তাঁর কথায়, পরিবার থেকে কোনও চাপ ছিল না। তাই অনুমতি নেওয়ার প্রয়োজনও অনুভব করেননি। একবার তিরুপতি যাওয়ার পথে বিমানে তাঁর সঙ্গে দেখা হয় পরিচালক প্রকাশ ঝা-র। ফেরার পথে ফ্লাইট বাতিল হওয়ায় দু’জনে একসঙ্গে কারপুল করেন। সেই সময় প্রকাশ ঝা তাঁকে প্রশ্ন করেন—“আপনি বিয়ে না-ও করতে পারেন, কিন্তু সিঙ্গেল ফাদার হওয়ার কথা ভেবেছেন?”
এই কথাটিই তুষারের মনে গভীরভাবে দাগ কাটে। এরপর চিকিৎসকদের সঙ্গে যোগাযোগ, পরামর্শ—ধাপে ধাপে এগিয়ে অবশেষে সারোগেসির মাধ্যমে পুত্রসন্তানের বাবা হন তিনি। তুষারের বিশ্বাস, এতে কোনও পরিকল্পনার চেয়ে বেশি কাজ করেছে ঈশ্বরের ইচ্ছা ও আস্থা।
ভারতীয় সংস্কৃতিতে পরিবার গঠনকে শুভ বলে মনে করা হয়—সে দত্তক, বিবাহ বা একক পিতৃত্ব—যেভাবেই হোক না কেন। তুষারের মতে, সমাজ এখন অনেকটাই গ্রহণযোগ্য হয়ে উঠেছে।
আরও পড়ুন:দেব-শুভশ্রীর শূন্যতায় নতুন বাজি, ঠোঁটে ঠোঁট রেখে প্রেম শেখাতে আসছেন দিব্য-দিব্যাণী!
ছেলে লক্ষ্য বড় হওয়ার সঙ্গে সঙ্গে কি কখনও মায়ের কথা জানতে চেয়েছে? এই প্রশ্নের উত্তরে তুষার জানান, তিনি বয়স অনুযায়ী ছেলেকে সব বোঝান। তিনি লক্ষ্যকে জানিয়েছেন, পৃথিবীতে নানা ধরনের পরিবার রয়েছে—কোথাও বাবা-মা আলাদা থাকেন, কোথাও একজন অনুপস্থিত, কোথাও দত্তক নেওয়া হয়। লক্ষ্য জানে, তার পরিবার অন্যরকম হলেও সম্পূর্ণ বৈধ এবং ভালোবাসায় ভরা।
সিঙ্গেল ফাদার হিসেবে নিজের দায়িত্ব পালন করছেন তুষার কাপুর। সমাজের প্রচলিত ধ্যানধারণার বাইরে গিয়ে নিজের মতো করে পরিবার গড়ে তোলার এই সিদ্ধান্ত আজ অনেকের কাছেই অনুপ্রেরণা।

Hello friends, Myself Biplab. I have been writing horoscopes since 2019. Since 2022, I have also been writing about entertainment, lifestyle, and trending news.