পার্শ্বচরিত্রে উজ্জ্বল উপস্থিতি, প্রয়াত বর্ষীয়ান অভিনেতা ভরত কাপুর

বলিউডে পার্শ্বচরিত্রে অভিনয়ের মাধ্যমে বিশেষ পরিচিতি পাওয়া বর্ষীয়ান অভিনেতা ভরত কাপুর আর নেই। ৮০ বছর বয়সে তাঁর মৃত্যু হয়েছে। হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বলে জানা গেছে। অভিনেতা অবতার গিল তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।

পরিবার সূত্রে জানা যায়, সোমবার দুপুর প্রায় তিনটে নাগাদ মুম্বইয়ের নিজের বাসভবনেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। গত কয়েকদিন ধরেই তাঁর শারীরিক অবস্থা খারাপ ছিল এবং একাধিক অঙ্গ বিকল হয়ে যাওয়ার কারণেই তাঁর মৃত্যু হয়েছে বলে জানা যায়। একইদিন সন্ধ্যা সাড়ে ছ’টা নাগাদ তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়। সেই সময় পরিবারের সদস্যদের পাশাপাশি উপস্থিত ছিলেন ঘনিষ্ঠ বন্ধুবান্ধবরাও।

ব্যক্তিগত জীবনে ভরত কাপুর রেখে গেলেন তাঁর স্ত্রী লোপা, দুই পুত্র রাহুল ও সাগরকে। কয়েক বছর আগে তাঁর কন্যা কবিতার মৃত্যু হয়েছিল।

অভিনয় জীবনের শুরু হয়েছিল থিয়েটারের মঞ্চে। পরে সত্তরের দশকে হিন্দি চলচ্চিত্রে প্রবেশ করেন তিনি। প্রখ্যাত নির্মাতা চেতন আনন্দ-এর হাত ধরেই তাঁর বলিউডে আত্মপ্রকাশ। এরপর দীর্ঘ সময় ধরে তিনি বিভিন্ন ছবিতে পার্শ্বচরিত্রে অভিনয় করে নিজের আলাদা পরিচিতি তৈরি করেন।

তাঁর অভিনীত উল্লেখযোগ্য ছবির তালিকায় রয়েছে নুরি (১৯৭৯), রাম বলরাম (১৯৮০), লাভ স্টোরি (১৯৮১), বাজার (১৯৮২), গুলামি (১৯৮৫), আখরি রাস্তা (১৯৮৬), সত্যমেব জয়তে (১৯৮৭), স্বর্গ (১৯৯০), খুদা গাওয়া (১৯৯২) এবং রং (১৯৯৩)। নব্বইয়ের দশকেও তিনি সমানভাবে সক্রিয় ছিলেন এবং বরসাত (১৯৯৫), সাজন চলে শ্বশুরাল (১৯৯৬) প্রভৃতি ছবিতে কাজ করেছেন। ২০০৪ সালে মুক্তিপ্রাপ্ত মীনাক্ষ্মী: এ টেল অফ থ্রি সিটিস ছবিতেও তাঁকে দেখা যায়।

শুধু বড়পর্দা নয়, ছোটপর্দাতেও তাঁর ছিল সমান জনপ্রিয়তা। ক্যাম্পাস, সাঁস, আমানত, তারা, চুনৌতি—এই ধরনের একাধিক টেলিভিশন ধারাবাহিকে অভিনয়ের মাধ্যমে তিনি দর্শকদের ঘরে ঘরে পৌঁছে গিয়েছিলেন।

প্রায় পাঁচ দশকের দীর্ঘ অভিনয়জীবনে ভরত কাপুর কখনও খলনায়ক, কখনও আইনজীবী, আবার কখনও পুলিশ অফিসারের চরিত্রে অভিনয় করে নিজের বহুমুখী দক্ষতার প্রমাণ দিয়েছেন। তাঁর প্রয়াণে বলিউডে শোকের ছায়া নেমে এসেছে।

শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক