আবারও আধ্যাত্মিক গুরু প্রেমানন্দ মহারাজ-এর শরণাপন্ন হলেন তারকা দম্পতি বিরাট কোহলি ও অনুষ্কা শর্মা। মঙ্গলবার ভোর সাড়ে পাঁচটা নাগাদ তাঁরা পৌঁছন কেলিকুঞ্জ আশ্রম-এ। দু’জনের গলাতেই ছিল তুলসীর মালা, কপালে তিলক—সম্পূর্ণ ভক্তিমগ্ন রূপেই দেখা যায় তাঁদের।
দু’দিন আগেই মুম্বই বিমানবন্দরে তাঁদের দেখা গিয়েছিল। বিশেষ করে অনুষ্কার গলায় তুলসীর মালা নজর কেড়েছিল। সেখান থেকেই তাঁরা সোজা আশ্রমে যান বলে জানা যায়। আশ্রমে প্রায় ঘণ্টাখানেক সময় কাটান বিরুষ্কা। বিভিন্ন আধ্যাত্মিক কর্মসূচিতে অংশ নেন এবং প্রেমানন্দ মহারাজের বাণী ও কীর্তন মন দিয়ে শোনেন। সমাজমাধ্যমে ছড়িয়ে পড়া একাধিক ভিডিয়োয় দেখা যায়, সাধারণ ভক্তদের মাঝেই নিরবে বসে আছেন তাঁরা।
অনুষ্কার পরনে ছিল নীল রঙের চুড়িদার ও ওড়না, আর বিরাটের পরনে সাদা শার্ট। দু’জনেরই কপালে তিলক ও গলায় তুলসীর মালা তাঁদের আধ্যাত্মিক অনুরাগেরই ইঙ্গিত দেয়।
কিন্তু কেন হঠাৎ এই সফর? জানা গিয়েছে, গত ১৫ ফেব্রুয়ারি ছিল তাঁদের পুত্র অকায়ের জন্মদিন। সেই উপলক্ষে এবং পরিবারের মঙ্গল কামনায়ই তাঁরা আশ্রমে গিয়েছিলেন। সন্তানের সুস্বাস্থ্য ও কল্যাণ কামনাতেই এই বিশেষ প্রার্থনা বলে ঘনিষ্ঠ সূত্রের দাবি।
এ প্রথম নয়, এর আগেও একাধিকবার প্রেমানন্দ মহারাজের আশ্রমে গিয়েছেন বিরাট-অনুষ্কা। গত বছর ডিসেম্বরেও তাঁরা আশ্রমে উপস্থিত হয়েছিলেন। সেই সময় অনুষ্কা মহারাজকে উদ্দেশ করে বলেছিলেন, “আমরা দু’জনে আপনাকে স্মরণ করছি। আপনার কাছে নিজেদের সমর্পণ করছি।” জবাবে প্রেমানন্দ মহারাজ বলেছিলেন, “আমরা সকলেই শ্রীজির সন্তান। আমাদের মাথার উপর যে আকাশ রয়েছে, সেই মস্ত ছাতার তলায় আমরা রয়েছি। সকলকে রাধানাম জপে যেতে হবে।”
তারকা জীবনের ব্যস্ততার মাঝেও আধ্যাত্মিকতার প্রতি তাঁদের এই আকর্ষণ ও নিয়মিত আশ্রম সফর ভক্তদের নজর কেড়েছে। ব্যক্তিগত জীবনের গুরুত্বপূর্ণ মুহূর্তে ঈশ্বরের শরণ নেওয়ার এই প্রবণতা যেন তাঁদের পারিবারিক বন্ধন ও বিশ্বাসকে আরও দৃঢ় করে তুলছে।

Hello friends, Myself Biplab. I have been writing horoscopes since 2019. Since 2022, I have also been writing about entertainment, lifestyle, and trending news.