নব্বইয়ের দশকের শেষ দিকে বলিউডে একের পর এক নতুন মুখ আত্মপ্রকাশ করছিল। সেই সময়েই নিজের সৌন্দর্য ও অভিনয় দিয়ে নজর কেড়েছিলেন অভিনেত্রী প্রিয়া গিল। পঞ্জাবের মেয়ে প্রিয়া প্রথমে সৌন্দর্য প্রতিযোগিতার মাধ্যমে পরিচিতি পান। ১৯৯৫ সালে একটি বিউটি কনটেস্ট জিতে তিনি অভিনয়ের দুনিয়ায় প্রবেশের সুযোগ খুঁজতে শুরু করেন।
তবে তার ব্যক্তিগত জীবন ছিল গভীর ট্র্যাজেডিতে ভরা। অভিনয়ে আসার আগেই সেনাবাহিনীর এক পাইলটের সঙ্গে তাঁর বাগদান হয়েছিল। কিন্তু এক বিমান দুর্ঘটনায় সেই তরুণের মৃত্যু হলে ভেঙে পড়েন প্রিয়া। দীর্ঘ সময় মানসিক ধাক্কা সামলে পরিবারের সমর্থন নিয়েই ফের নিজের স্বপ্নপূরণের পথে হাঁটেন তিনি।
এরপর বলিউডে শুরু হয় তাঁর সংগ্রাম। সেই সময় সুস্মিতা সেন, রানি মুখোপাধ্যায়, পরে ঐশ্বর্যা রাইয়ের মতো অভিনেত্রীরা ইন্ডাস্ট্রিতে জায়গা করে নিচ্ছিলেন। ফলে প্রতিযোগিতাও ছিল তীব্র। প্রিয়াকে নিয়েও অনেকেই বড় প্রত্যাশা করেছিলেন। এমনকি তাঁর কেরিয়ারের সঙ্গে ঐশ্বর্যার তুলনাও টানা হয়েছিল।
প্রিয়ার প্রথম বড় পরিচিতি আসে ‘সির্ফ তুম’ ছবির মাধ্যমে। ছবিতে তাঁর উপস্থিতি দর্শকের নজর কাড়লেও, প্রত্যাশামতো বড় সুযোগ খুব বেশি আসেনি। একটা সময় তিনি প্রায় অভিনয় ছেড়ে দেওয়ার সিদ্ধান্তও নিয়েছিলেন।
ঠিক তখনই আসে বড় সুযোগ। পরিচালক মনসুর খানের ‘জোশ’ ছবিতে শাহরুখ খানের বিপরীতে অভিনয়ের প্রস্তাব পান প্রিয়া। শোনা যায়, ছবিটির জন্য প্রথমে আমির খান ও রানি মুখোপাধ্যায়কেও ভাবা হয়েছিল। পরে বিভিন্ন কারণে তাঁরা সরে দাঁড়ালে প্রিয়ার ভাগ্যে সেই সুযোগ আসে।
‘জোশ’ ছবির একটি দৃশ্য বিশেষভাবে আলোচনায় আসে, যেখানে প্রিয়াকে শাহরুখ খানকে চড় মারতে হয়েছিল। বাস্তবে শাহরুখকে চড় মারতে খুব অস্বস্তি হচ্ছিল তাঁর। বারবার দৃশ্যটি ঠিকভাবে করতে পারছিলেন না। শেষ পর্যন্ত দৃশ্যটি সফলভাবে ধারণ করা হলেও, সেই মুহূর্ত নিয়ে দীর্ঘদিন বলিউডে চর্চা হয়েছিল।
শুধু হিন্দি নয়, দক্ষিণী ছবিতেও কাজ করেছিলেন প্রিয়া। নাগার্জুন ও অজিত কুমারের মতো জনপ্রিয় অভিনেতাদের বিপরীতেও দেখা গিয়েছিল তাঁকে। তবুও তাঁর কেরিয়ার কখনও স্থায়ীভাবে সাফল্যের শিখরে পৌঁছতে পারেনি।
২০০৬ সালের পর ধীরে ধীরে অভিনয় জগত থেকে সম্পূর্ণ দূরে সরে যান প্রিয়া গিল। এরপর আর কোনও সিনেমা বা প্রকাশ্য অনুষ্ঠানে তাঁকে বিশেষ দেখা যায়নি। সমাজমাধ্যম থেকেও নিজেকে দূরে রেখেছেন তিনি।
শোনা যায়, তিনি নাকি বিয়ে করে ডেনমার্কে বসবাস করছেন। যদিও এ বিষয়ে নিশ্চিত কোনও তথ্য প্রকাশ্যে আসেনি। বহু বছর পর ২০১৬ সালে প্যারিসে এক অনুরাগীর সঙ্গে তাঁর একটি ছবি সামনে আসে। সেটিকেই প্রিয়ার শেষ প্রকাশ্য উপস্থিতি বলে মনে করা হয়।
একসময় যাঁকে বলিউডের সম্ভাবনাময় নায়িকা হিসেবে দেখা হয়েছিল, তিনি আজ সম্পূর্ণ আড়ালে। তবু ‘জোশ’ কিংবা ‘সির্ফ তুম’-এর মতো ছবির মাধ্যমে প্রিয়া গিল এখনও বহু দর্শকের স্মৃতিতে রয়ে গেছেন।

Hello friends, Myself Biplab. I have been writing horoscopes since 2019. Since 2022, I have also been writing about entertainment, lifestyle, and trending news.