Ishaa: সুন্দরবন বেড়াতে গিয়েছেন অভিনেত্রী ইশা সাহা (Ishaa Saha)। ভাগ করে নিলেন সেখানকার একাধিক ছবি। কাজের ফাঁকে তারকারা সাধারণত এদিক-ওদিক বেরিয়ে পড়েন কিছুটা অবসর সময় কাটানোর জন্য। এই অভিনেত্রীও কিন্তু বেশ কিছুদিন ধরেই নিজস্ব সময় কাটাচ্ছেন।
তার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে উঁকি দিলেই দেখা মিলবে সেই সমস্ত ছবি। যেখানে বিভিন্ন খাবারসহ হাসিঠাট্টায় কিছু মুহূর্ত কাটিয়েছেন তিনি। আর এবার পোস্ট করলেন সুন্দরবনের কিছু ছবি। কখনো তিনি আপন খেয়ালে তাকিয়ে রয়েছেন নদীর দিকে, আবার কখনো লঞ্চের বাইরে বেরিয়েছেন।
এছাড়া রাতে নদীর বেশ কিছু ছবি তুলে ধরেছেন সোশ্যাল মিডিয়ায়। মনে করা হচ্ছে তার আগামী সিনেমার শ্যুটিংয়ের জন্যই হয়তো তিনি সেখানে গিয়েছেন। যদিও কিছুই খোলসা করে জানাননি এই পোস্টে। আসলে কিছুদিন আগেই তার নতুন সিনেমা ‘সপ্তডিঙার গুপ্তধন’এর ঘোষণা করেছেন অভিনেত্রী।
সোনা’দা সিরিজের এই সিনেমাটি আসবে কয়েক মাস পরেই। খুব সম্ভবত সুন্দরবনে শ্যুটিংয়ের কাজেই গিয়েছেন তারা। উল্লেখ্য এর আগে এই সিরিজের একাধিক সিনেমা মুক্তি পেয়েছে। যে তালিকায় রয়েছে ‘কর্ণসুবর্ণের গুপ্তধন’, ‘দুর্গেশগড়ের গুপ্তধন’, ‘গুপ্তধনের সন্ধানে’ ইত্যাদি।
যেখানে সোনা’দার ভূমিকায় রয়েছেন আবীর চ্যাটার্জি। আর ইশা ছাড়াও সেখানে দেখা যাবে অর্জুন চক্রবর্তীকে। মূলত বিভিন্ন ঐতিহাসিক স্থানে গিয়ে গুপ্তধনের সন্ধান করতে দেখা যায় এই তিনজনকে। ইতিহাস, আধুনিক সময় সবমিলিয়ে সিনেমাগুলি বেশ জমজমাট হয়ে ওঠে। আপাতত অপেক্ষা এই নতুন সিনেমা মুক্তির।