ইলিয়ানা ডি’ক্রুজ় এখন অভিনয়ের চেয়ে অনেক বেশি সময় দিচ্ছেন পরিবারকে। স্বামী মাইকেল ডোলান এবং দুই সন্তান— কোয়া ও সদ্যোজাত কিয়ানুকে ঘিরেই আবর্তিত হচ্ছে তাঁর দৈনন্দিন জীবন। কয়েক বছর আগে মাতৃত্বের স্বাদ পাওয়ার পর ২০২৫ সালে ফের দ্বিতীয় সন্তানের মা হয়েছেন অভিনেত্রী। তবে মাতৃত্বের এই নতুন অধ্যায় যে সবসময় সহজ নয়, সেই কথাই সম্প্রতি খোলাখুলি জানিয়েছেন তিনি।
সমাজমাধ্যমে শেয়ার করা এক ছবিতে দেখা যায়, মেঝেতে বসে রয়েছেন ইলিয়ানা। তাঁর বুকের উপর শুয়ে রয়েছে ছোট ছেলে কিয়ানু। চারপাশে ছড়িয়ে রয়েছে শিশুর খেলনা ও কাপড়। ছবির সঙ্গে অভিনেত্রী লিখেছেন, বর্তমানে তিনি স্তন্যপান করানোর এক বিশেষ ও অদ্ভুত অভিজ্ঞতার মধ্যে দিয়ে যাচ্ছেন, আর এই সময়টাই এখন তাঁর জীবনের সবচেয়ে বড় বাস্তবতা।
ইলিয়ানার কথায়, গত দু’বছরে নিজের জন্য আলাদা করে সময় বের করা প্রায় সম্ভব হয়নি। সন্তানদের দেখাশোনা, বিশেষ করে নবজাতককে সামলানো এবং স্তন্যপান করানোর অভিজ্ঞতা তাঁকে মানসিক ও শারীরিকভাবে নতুনভাবে বদলে দিয়েছে। শিশুর নানা চাহিদা, অনিয়মিত রুটিন এবং সারাক্ষণের দায়িত্ব তাঁকে ব্যস্ত রাখছে।
অভিনেত্রী আরও জানিয়েছেন, পরিচিত শহর এবং কাছের বন্ধুদের থেকে দূরে থাকার কারণে এক ধরনের একাকিত্বও অনুভব করছেন তিনি। জীবনের এই নতুন অধ্যায়ে অনেক সময় মন খুলে কথা বলার মানুষের অভাব অনুভব করেন। একই সঙ্গে মাতৃত্বের দায়িত্ব যে একার পক্ষে সামলানো কঠিন, সেটাও উপলব্ধি করছেন তিনি।
একসময় নিয়মিত অভিনয়ে দেখা গেলেও এখন বড় পর্দা থেকে অনেকটাই দূরে ইলিয়ানা। পরিবার এবং সন্তানদের বড় করে তোলাকেই আপাতত জীবনের প্রধান অগ্রাধিকার হিসেবে বেছে নিয়েছেন তিনি।

Hello friends, Myself Biplab. I have been writing horoscopes since 2019. Since 2022, I have also been writing about entertainment, lifestyle, and trending news.