অনেক সময় জীবনের কিছু ঘটনা বারবার ফিরে আসে। সম্পর্ক বদলায়, মানুষ বদলায়, পরিস্থিতিও নতুন হয়— তবু শেষ ফল যেন একই থেকে যায়। কেউ বারবার ভুল মানুষকে বিশ্বাস করেন, কেউ নিজের মূল্য বুঝতে পারেন না, আবার কেউ উন্নতির মুখ দেখেও হঠাৎ আগের জায়গাতেই ফিরে যান। আধ্যাত্মিক দর্শনে এই পুনরাবৃত্ত অভিজ্ঞতাকেই বলা হয় ‘কার্মিক বৃত্ত’ বা ‘কার্মিক সাইকেল’।
এই ধারণা অনুযায়ী, মানুষের সিদ্ধান্ত, আচরণ ও মানসিক প্রবণতা মিলেই তৈরি হয় জীবনের নির্দিষ্ট ধারা। সেই ধারা যদি সচেতনভাবে বদলানো না যায়, তবে একই সমস্যার মুখোমুখি হতে হয় বারবার। অনেকেই এটিকে দুর্ভাগ্য বলে মনে করলেও, আসলে তা হতে পারে দীর্ঘদিনের অভ্যাস ও মানসিক প্যাটার্নের ফল।
কীভাবে বুঝবেন আপনি এমন কোনও চক্রে আটকে গিয়েছেন?

একই ধরনের মানুষ বারবার জীবনে আসা
প্রায়ই দেখা যায়, অতীতে কোনও সম্পর্ক থেকে আঘাত পেলেও পরবর্তীতে একই ধরনের স্বভাবের মানুষের প্রতিই আকৃষ্ট হন কেউ কেউ। মানুষ আলাদা হলেও আচরণের মিল স্পষ্ট হয়ে ওঠে। ফলে কষ্টের অভিজ্ঞতাও যেন পুনরাবৃত্ত হয়।
নিজের যোগ্যতা নিয়ে সবসময় সন্দেহ
কার্মিক বৃত্তে আটকে পড়া মানুষদের মধ্যে আত্মবিশ্বাসের অভাব খুব সাধারণ বিষয়। যত পরিশ্রমই করুন না কেন, মনে হতে পারে আপনি যথেষ্ট নন। ছোট ব্যর্থতাও তখন গভীর হতাশা ডেকে আনে।
দুঃখকেই স্বাভাবিক মনে হওয়া
দীর্ঘ সময় ধরে মানসিক ক্লান্তি বা অশান্তির মধ্যে থাকলে অনেকেই ধীরে ধীরে সেটাকেই জীবনের স্বাভাবিক অবস্থা বলে ধরে নেন। আনন্দ বা স্বস্তির অনুভূতি তখন দূরের কিছু মনে হতে শুরু করে।
ভুল বুঝেও সরে আসতে না পারা
কোনও অভ্যাস, সম্পর্ক বা আচরণ যে ক্ষতি করছে, তা বুঝেও অনেকে সেখান থেকে বেরোতে পারেন না। বারবার পরিবর্তনের চেষ্টা করলেও শেষ পর্যন্ত আবার সেই একই জায়গায় ফিরে যান।
উন্নতির পরেও পিছিয়ে পড়া
কিছুটা এগিয়ে গিয়ে আবার আগের ভুলের কারণে পিছিয়ে পড়া— এটিও এমন মানসিক চক্রের অন্যতম লক্ষণ। ফলে জীবনে স্থায়ী অগ্রগতি তৈরি করা কঠিন হয়ে যায়।
অন্যকে খুশি রাখতে নিজের ক্ষতি করা
অনেকেই নিজের ইচ্ছা বা প্রয়োজনকে গুরুত্ব না দিয়ে অন্যের মন রক্ষা করতেই ব্যস্ত থাকেন। না বলতে না পারা, অস্বস্তি এড়াতে নিজের কষ্ট মেনে নেওয়া— এসবও এক ধরনের গভীর মানসিক প্যাটার্নের ইঙ্গিত হতে পারে।
সবকিছু ভাগ্যের উপর ছেড়ে দেওয়া
কারও কারও মনে হয়, একদিন হঠাৎ কোনও মানুষ বা পরিস্থিতি এসে তাদের জীবন বদলে দেবে। কিন্তু বাস্তবে পরিবর্তনের প্রথম পদক্ষেপ নিতে হয় নিজেকেই। নিজের আচরণ, সিদ্ধান্ত ও সীমাবদ্ধতা চিহ্নিত না করলে এই চক্র ভাঙা কঠিন।
বিশেষজ্ঞদের মতে, জীবনে একই ধরনের সমস্যার পুনরাবৃত্তি হলে তা শুধুই দুর্ভাগ্য ভেবে এড়িয়ে না গিয়ে নিজের আচরণ ও মানসিক অভ্যাস বিশ্লেষণ করা জরুরি। সচেতনতা, আত্মসম্মানবোধ এবং প্রয়োজন হলে পেশাদার মানসিক পরামর্শ— এই তিনের সমন্বয়েই ধীরে ধীরে বেরিয়ে আসা সম্ভব এমন বৃত্ত থেকে।