কলকাতার বেহালায় তোলাবাজির অভিযোগ ঘিরে রাজনৈতিক মহলে নতুন করে চাঞ্চল্য ছড়াল। শনিবার রাতে গ্রেপ্তার করা হয়েছে কলকাতা পুরসভার ১২৩ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সুদীপ পোল্লেকে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, এক ব্যবসায়ীর লিখিত অভিযোগের ভিত্তিতেই এই পদক্ষেপ করা হয়েছে।
দীর্ঘদিন ধরে বেহালা এলাকার প্রভাবশালী নেতা হিসেবে পরিচিত সুদীপ পোল্লে বর্তমানে ১৬ নম্বর বোরোর চেয়ারম্যানের দায়িত্বও সামলাচ্ছেন। অভিযোগকারী ব্যবসায়ীর দাবি, বিভিন্ন সময়ে তাঁর কাছে মোটা অঙ্কের টাকা দাবি করা হয়েছিল। টাকা দিতে অস্বীকার করায় তাঁকে শারীরিক হেনস্থা ও ভয় দেখানোর অভিযোগও উঠেছে। এমনকি ব্যবসা প্রতিষ্ঠান ভেঙে দেওয়ার হুমকিও দেওয়া হয়েছিল বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
শনিবার সকালে ঠাকুরপুকুর থানায় অভিযোগ দায়ের হওয়ার পরই তদন্ত শুরু করে পুলিশ। তদন্তে প্রাথমিকভাবে অভিযোগের সত্যতা মিলতেই রাতে বেহালা এলাকা থেকে সুদীপ পোল্লেকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানিয়েছে, ভারতীয় ন্যায় সংহিতার একাধিক ধারায় মামলা দায়ের হয়েছে তাঁর বিরুদ্ধে।
এর আগেও নিয়োগ দুর্নীতি মামলায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তল্লাশির মুখে পড়েছিলেন এই তৃণমূল নেতা। ফলে নতুন করে তাঁর গ্রেপ্তারিকে ঘিরে রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে।
রাজ্যে দুর্নীতি ও তোলাবাজির বিরুদ্ধে কড়া অবস্থানের বার্তা আগেই দেওয়া হয়েছিল শাসকদলের তরফে। সাম্প্রতিক সময়ে কলকাতা ও শহরতলির বিভিন্ন এলাকা থেকে একাধিক জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত এক সপ্তাহে ৭০ জনের বেশি অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে বলে প্রশাসনিক সূত্রে খবর।
গ্রেপ্তার হওয়া কাউন্সিলর সুদীপ পোল্লেকে রবিবার আদালতে পেশ করা হবে। তদন্তকারীরা তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগের বিস্তারিত খতিয়ে দেখছেন।

Hello, I am BB. I have been working in blogging for more than five years.