অভিনেত্রী এবং প্রাক্তন তৃণমূল সাংসদ মিমি চক্রবর্তী এবার সুরক্ষার দাবিতে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হয়েছেন। বনগাঁর বিজেপি নেতা ও জ্যোতিষী তনয় শাস্ত্রীর সঙ্গে দীর্ঘদিনের আইনি বিরোধ নতুন মোড় নেওয়ায় তিনি আদালতের হস্তক্ষেপ চেয়েছেন। বিচারপতি কৌশিক চন্দের এজলাসে আগামী সোমবার এই মামলার শুনানি হতে পারে বলে জানা গিয়েছে।
এই বিতর্কের সূত্রপাত চলতি বছরের ২৫ জানুয়ারি। বনগাঁর নয়াগোপালগঞ্জ যুবক সংঘের বাৎসরিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে আমন্ত্রিত ছিলেন মিমি চক্রবর্তী। অভিযোগ, নির্ধারিত সময়ের প্রায় এক ঘণ্টা পরে অনুষ্ঠানে পৌঁছন অভিনেত্রী। মঞ্চে উঠতে উঠতে প্রায় মধ্যরাত হয়ে যায়, অথচ প্রশাসনিক অনুমতি ছিল রাত ১২টা পর্যন্ত। সেই পরিস্থিতিতে অনুষ্ঠান কর্তৃপক্ষ তাঁর পরিবেশনা বন্ধ করে দেয় বলে অভিযোগ।
ঘটনার পর মিমি চক্রবর্তীকে হেনস্থা করা হয়েছে বলে অভিযোগ ওঠে এবং পুলিশে লিখিত অভিযোগ দায়ের করা হয়। তদন্তে নেমে পুলিশ তনয় শাস্ত্রীকে আটক করতে গেলে বাধার মুখে পড়তে হয় বলেও অভিযোগ সামনে আসে। পরে পুলিশকে বাধা দেওয়া এবং কর্তব্যপালনে বিঘ্ন ঘটানোর অভিযোগে তনয় শাস্ত্রীসহ আরও দু’জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।
আদালতে তোলা হলে প্রথমে তনয় শাস্ত্রীদের জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয়। পরে মিমি চক্রবর্তীর দায়ের করা মামলায় তিনি জামিন পেলেও, পুলিশকে বাধা দেওয়ার মামলায় তাৎক্ষণিকভাবে জামিন পাননি। পরবর্তীতে ওই মামলাতেও আদালত তাঁকে জামিন দেয় এবং তিনি জেলমুক্ত হন।
জেল থেকে মুক্তির পর তনয় শাস্ত্রী পাল্টা আইনি লড়াই শুরু করেন। তিনি মিমি চক্রবর্তীর বিরুদ্ধে ২০ লক্ষ টাকার মানহানির মামলা দায়ের করেন। তাঁর দাবি, অভিনেত্রীর অভিযোগের জেরে তাঁর সামাজিক মর্যাদা ক্ষুণ্ণ হয়েছে। পাশাপাশি, একাধিক শুনানিতে মিমি চক্রবর্তীর অনুপস্থিতির অভিযোগ তুলে তাঁর বিরুদ্ধে চার্জ গঠনের আবেদনও করা হয়েছে আদালতে।
এদিকে রাজ্যের রাজনৈতিক পরিস্থিতির পরিবর্তনের পর তনয় শাস্ত্রী ফের পুলিশ প্রশাসনের দ্বারস্থ হন এবং পুরনো ঘটনার বিচার দাবি করেন। তাঁর অভিযোগ, বিনা কারণে তাঁকে লক্ষ্য করে পদক্ষেপ নেওয়া হয়েছিল এবং তিনি সেই ঘটনার আইনি নিষ্পত্তি চান।
এই আবহেই পাল্টা পদক্ষেপ হিসেবে মিমি চক্রবর্তী সুরক্ষা চেয়ে কলকাতা হাই কোর্টে আবেদন জানিয়েছেন। ফলে অভিনেত্রী ও তনয় শাস্ত্রীর আইনি সংঘাত এখন নতুন পর্যায়ে পৌঁছেছে এবং আদালতের আগামী শুনানির দিকে নজর রয়েছে সংশ্লিষ্ট মহলের।

Hello friends, Myself Biplab. I have been writing horoscopes since 2019. Since 2022, I have also been writing about entertainment, lifestyle, and trending news.