বিচ্ছেদের পর একাই জীবন! উভকামী পরিচয় নিয়ে মুখ খুললেন আকাঙ্ক্ষা

সম্প্রতি একটি রিয়্যালিটি শো-এ এসে ব্যক্তিগত জীবন নিয়ে একাধিক গুরুত্বপূর্ণ মন্তব্য করেছেন অভিনেত্রী আকাঙ্ক্ষা চমোলা। তিনি জানিয়েছেন, প্রায় এক দশকের দাম্পত্য জীবনের পর তাঁর এবং স্বামী গৌরব খন্না-র বিবাহবিচ্ছেদের প্রক্রিয়া চলছে। বর্তমানে তাঁরা আলাদা থাকছেন এবং সম্পর্কের এই কঠিন সময়ের মধ্যেই নিজের ভবিষ্যৎ পরিকল্পনা ও ব্যক্তিগত পরিচয় নিয়ে অকপটে মুখ খুলেছেন অভিনেত্রী।

আকাঙ্ক্ষার এই স্বীকারোক্তি অনেককেই অবাক করেছে। কারণ, বাইরে থেকে তাঁদের সম্পর্কে তেমন কোনও অশান্তির ইঙ্গিত পাওয়া যায়নি। বরাবরই গৌরব প্রকাশ্যে স্ত্রীর সৌন্দর্য, হাসি এবং ব্যক্তিত্বের প্রশংসা করেছেন। কিন্তু সেই সম্পর্কেই এবার ইতি টানার সিদ্ধান্ত নিয়েছেন দু’জনে।

রিয়্যালিটি শো-এ আকাঙ্ক্ষা জানান, বিবাহবিচ্ছেদের পর তিনি আর কোনও সম্পর্কে জড়াতে চান না। এমনকি দ্বিতীয়বার বিয়েরও কোনও ইচ্ছা নেই তাঁর। তিনি বলেন, খুব অল্প বয়সে, মাত্র ২৪ বছর বয়সে বিয়ে করেছিলেন। তাই জীবনের পরবর্তী সময়টা তিনি সম্পূর্ণ নিজের মতো করে কাটাতে চান।

অভিনেত্রীর কথায়, তিনি আর কারও অধীনে থাকতে চান না। শুধু তাই নয়, ভবিষ্যতে বাবা-মায়ের সঙ্গেও থাকবেন না বলেই জানিয়েছেন তিনি। নিজের সিদ্ধান্তে স্বাধীনভাবে একাই জীবন কাটানোর পরিকল্পনার কথা স্পষ্টভাবে তুলে ধরেছেন আকাঙ্ক্ষা।

এর পাশাপাশি নিজের যৌন পরিচয় নিয়েও খোলামেলা কথা বলেন অভিনেত্রী। তিনি জানান, বিয়ের আগে কয়েকজন নারীর সঙ্গে তাঁর সম্পর্ক ছিল এবং তিনি নিজেকে উভকামী হিসেবে চিহ্নিত করেন। যদিও সেই সম্পর্কগুলি খুব গভীর ছিল না, তবুও নারীদের প্রতি তাঁর আকর্ষণ ছিল এবং এখনও রয়েছে বলে স্বীকার করেছেন তিনি।

আকাঙ্ক্ষার কথায়, তিনি মেয়েদের সঙ্গেই সবচেয়ে বেশি নিরাপদ বোধ করেন। তাঁর মতে, ছোটবেলা থেকেই সমাজে পুরুষদের আধিপত্য বেশি বলে মনে হয়েছে। সেই কারণেই মা, বোন বা অন্যান্য নারীদের কাছ থেকে যে নিরাপত্তা, ভালোবাসা ও মানসিক স্বস্তি পাওয়া যায়, তা তাঁর কাছে বিশেষ মূল্যবান। এই অভিজ্ঞতা থেকেই নারীদের প্রতি তাঁর মানসিক টান তৈরি হয়েছে বলে জানিয়েছেন অভিনেত্রী।

অন্যদিকে, গৌরব খন্নাও এই পরিস্থিতি নিয়ে ইতিবাচক মনোভাব প্রকাশ করেছেন। তিনি জানিয়েছেন, বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত হলেও আকাঙ্ক্ষার প্রতি তাঁর ভালোবাসা ও সম্মান কমবে না। ভবিষ্যতেও প্রয়োজন হলে তিনি আকাঙ্ক্ষার পাশে থাকবেন বলেই জানিয়েছেন অভিনেতা।

আকাঙ্ক্ষার এই খোলামেলা স্বীকারোক্তি এবং ভবিষ্যৎ জীবন নিয়ে তাঁর স্পষ্ট অবস্থান ইতিমধ্যেই দর্শক ও অনুরাগীদের মধ্যে আলোচনার বিষয় হয়ে উঠেছে।

শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক