Monali Thakur: দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি, প্রশ্নপত্র ফাঁস নিয়ে বিতর্ক এবং প্রতিবাদী পড়ুয়াদের উপর পুলিশের পদক্ষেপ—এই সবকিছুকে ঘিরে দেশজুড়ে তৈরি হয়েছে তীব্র আলোচনা। এর মধ্যেই সরকারের বিরুদ্ধে প্রকাশ্যে মুখ খুলে বিতর্কে জড়ালেন গায়িকা মোনালি ঠাকুর (Monali Thakur)। নিজের সোশ্যাল মিডিয়া পোস্টে দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করার পাশাপাশি, মতপ্রকাশের স্বাধীনতা খর্ব করার অভিযোগও তুলেছেন তিনি। মোনালি জানিয়েছেন, গত কয়েকদিন ধরে মানসিকভাবে এতটাই অস্থির ছিলেন যে ঠিকমতো গানও গাইতে পারছিলেন না। নিজের বক্তব্য অনুরাগীদের সামনে তুলে ধরতে একাধিকবার ভিডিয়ো রেকর্ড করার চেষ্টা করেও সফল হননি তিনি। ভিডিয়োবার্তায় মোনালি(Monali Thakur) বলেন, দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে তাঁর মধ্যে প্রচণ্ড রাগ, বিরক্তি এবং অস্বস্তি জমা হয়েছে। তাঁর কথায়, দেশের অনেক মানুষই একই ধরনের অনুভূতির মধ্যে দিয়ে যাচ্ছেন। ভয়, ভীতি প্রদর্শন, অবহেলা, অসম্মান এবং বিদ্বেষের পরিবেশ ক্রমশ বাড়ছে বলেও দাবি করেন গায়িকা।
মতপ্রকাশের স্বাধীনতা নিয়ে সরব মোনালি
নিজের মতামত প্রকাশ করা একজন নাগরিকের মৌলিক অধিকার বলেই মনে করেন মোনালি (Monali Thakur)। কিন্তু নিজের মত প্রকাশ করতে গিয়ে তাঁকে আক্রমণ এবং চুপ করিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি। তাঁর বক্তব্যের সবচেয়ে বিতর্কিত অংশে মোনালি বলেন, কোনও বিষয়ে কথা বললেই তাঁকে ব্যক্তিগত ও যৌন আক্রমণের মুখে পড়তে হচ্ছে। এমনকি তাঁর মাকেও কটূক্তি করা হচ্ছে বলে অভিযোগ করেন গায়িকা। একইসঙ্গে তিনি স্পষ্ট করে দেন, এই ধরনের আক্রমণের জন্য অভিযুক্তদের ক্ষমা করার কোনও ইচ্ছা তাঁর নেই।
ভিডিয়োর এক পর্যায়ে নতুন প্রজন্ম তথা জেন জি-র প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করতে দেখা যায় মোনালিকে।
‘আমি ভারতীয় নাগরিক, এই দেশেই আমার জন্ম’
ভিডিয়োটি প্রকাশের পাশাপাশি মোনালি একটি বার্তাও লেখেন। সেখানে তিনি নিজের ভারতীয় পরিচয় স্পষ্ট করে বলেন, ‘আমি ভারতীয় নাগরিক, এই দেশেই আমার জন্ম।’
তাঁর এই বক্তব্য প্রকাশ্যে আসার পরই সোশ্যাল মিডিয়ায় শুরু হয় পক্ষে-বিপক্ষে তর্ক। কেউ মোনালির বক্তব্যকে সমর্থন করেছেন, আবার কেউ তাঁর সমালোচনা করে তাঁকে ‘দেশবিরোধী’ বলেও কটাক্ষ করেছেন। এক নেটিজেন মন্তব্য করেন, ‘শত্রুরা দেশের বাইরে না, দেশের ভিতরে।’ সেই মন্তব্যের পাল্টা জবাব দিয়ে অন্য একজন লেখেন, বিজেপির বিরুদ্ধে কথা বলাকে ভারতের বিরুদ্ধে কথা বলা হিসেবে দেখার সমালোচনা করা উচিত। এ নিয়ে কমেন্ট সেকশনে তৈরি হয় তীব্র রাজনৈতিক বিতর্ক। আরও একাধিক মন্তব্যে মোনালি(Monali Thakur)-র বক্তব্য নিয়ে অসন্তোষ প্রকাশ করা হয়। কেউ জানান, আজ থেকে তিনি গায়িকাকে পছন্দের তালিকায় রাখবেন না। আবার কেউ ভারতের বিভিন্ন প্রান্তের বাস্তবতা নিয়ে মতামত প্রকাশ করেন এবং দেশের বাইরে থাকা ব্যক্তিদের ভারতের পরিস্থিতি নিয়ে মন্তব্য করার বিষয়েও প্রশ্ন তোলেন।
‘শুধু কংক্রিটের জঙ্গল তৈরি করলেই উন্নয়ন নয়’
মোনালির ভিডিয়ো রেকর্ডিংয়ের সময় তাঁর বাড়ির কাছাকাছি নির্মাণকাজের শব্দও শোনা যায়। সেই শব্দে বিরক্তি প্রকাশ করে শহরের অপরিকল্পিত নির্মাণ নিয়েও সরব হন তিনি। গায়িকার বক্তব্য, দেশের প্রয়োজন গঠনমূলক চিন্তা ও পরিকল্পনা। শুধুমাত্র চারদিকে একের পর এক বিল্ডিং তৈরি করলেই উন্নয়ন নিশ্চিত হয় না। শহরগুলির সুস্পষ্ট পরিকল্পনা এবং ভবিষ্যৎ নিয়ে স্বচ্ছ দৃষ্টিভঙ্গির প্রয়োজন রয়েছে বলেও মত প্রকাশ করেন তিনি। মোনালির এই ভিডিয়ো প্রকাশ্যে আসার পর থেকেই সোশ্যাল মিডিয়ায় তা নিয়ে শুরু হয়েছে জোর চর্চা। রাজনৈতিক মতামত প্রকাশের কারণে তারকাদের ট্রোলিং এবং ব্যক্তিগত আক্রমণের মুখে পড়ার বিষয়টিও নতুন করে আলোচনায় এসেছে।

Hello friends, Myself Biplab. I have been writing horoscopes since 2019. Since 2022, I have also been writing about entertainment, lifestyle, and trending news.