টলিউডে যেখানে একদিকে জনপ্রিয় টেলিতারকা দম্পতির বিচ্ছেদের খবরে মন খারাপের আবহ, ঠিক সেই সময়েই নতুন জীবনের পথে পা রাখলেন অভিনেতা অনুভব কাঞ্জিলাল(Anubhav Kanjilal) ও অভিনেত্রী অনুষ্কা চক্রবর্তী (Anushkaa Chakraborty)। প্রায় সাড়ে তিন বছরের সম্পর্ককে আনুষ্ঠানিক স্বীকৃতি দিয়ে শুক্রবার পরিবার-পরিজনের উপস্থিতিতে বাগদান সম্পন্ন করেছেন এই তারকাজুটি। অনুভব ও অনুষ্কার প্রথম পরিচয় হয়েছিল ‘হীরালাল’ ছবির প্রিমিয়ারে। প্রথমদিকে তাঁদের সম্পর্ক ছিল নিছক বন্ধুত্বের। কয়েক বছর পর সেই বন্ধুত্বই ধীরে ধীরে প্রেমে রূপ নেয়। তবে তাঁদের সম্পর্কের পথ একেবারেই মসৃণ ছিল না। তৃতীয় ব্যক্তিকে ঘিরে ভুল বোঝাবুঝির কারণে একসময় দু’জনের মধ্যে দূরত্ব তৈরি হয়েছিল এবং তাঁরা একে অপরকে এড়িয়ে চলতেন।
পরবর্তীতে একটি বিজ্ঞাপনের শুটিংয়ের সময় সেই ভুল বোঝাবুঝির অবসান হয়। এরপর ২০২২ সালের শেষের দিকে অনুভব তাঁর বাবা অঞ্জন কাঞ্জিলাল পরিচালিত একটি ছবিতে অভিনয়ের জন্য অনুষ্কাকে প্রস্তাব দেন। সেই সময় থেকেই তাঁদের সম্পর্ক আরও গভীর হয় এবং শেষ পর্যন্ত প্রেমের সম্পর্ক বাগদানে পৌঁছায়।
শুক্রবার নিউ টাউনের একটি অভিজাত হোটেলে দুই পরিবারের সদস্য ও ঘনিষ্ঠদের উপস্থিতিতে আংটিবদল করেন অনুভব ও অনুষ্কা। অনুষ্ঠানে ছিল জমকালো ভোজের আয়োজন। মেনুতে ছিল ফিশ ফ্রাই, ভাত, লুচি, পোলাও, ইলিশ মাছের মাথা দিয়ে কচুশাক, কচুপাতা চিংড়ি, দই কাতলা, মাটন, পায়েস, পাঁপড়, চাটনি এবং বিভিন্ন ধরনের মিষ্টি।
বাগদানের পর অনুভব জানান, প্রায় সাড়ে তিন বছর সম্পর্কে থাকার পর এবার তাঁরা সম্পর্ককে আনুষ্ঠানিক স্বীকৃতি দিলেন। পরিবারের আশীর্বাদে ঘরোয়া পরিবেশে বাগদান সম্পন্ন হয়েছে। আগামী বছর বড় আয়োজনের মধ্য দিয়ে বিয়ের অনুষ্ঠান করার পরিকল্পনা রয়েছে, যেখানে টলিউড ইন্ডাস্ট্রির সহকর্মীরাও আমন্ত্রিত থাকবেন।

বাগদানের পর রসিকতার সুরে অনুষ্কা বলেন, অনুভবকে সামলানো সহজ নয়। তাঁর কথায়, “পাগল ঘোড়ার রাশ কিছুটা টানতে পেরেছি বলেই আজকের এই দিন এসেছে। তবে এমন কিছু করতে চাই না, যাতে ভবিষ্যতে ও ভয় পেয়ে পালিয়ে যায়। যদিও আমাকেও সামলানো খুব একটা সহজ নয়।”
এই বাগদানের মধ্য দিয়ে দীর্ঘদিনের সম্পর্ককে নতুন অধ্যায়ে নিয়ে গেলেন অনুভব কাঞ্জিলাল ও অনুষ্কা চক্রবর্তী। এখন তাঁদের অনুরাগীদের অপেক্ষা আগামী বছরের বিয়ের অনুষ্ঠানের জন্য।

Hello friends, Myself Biplab. I have been writing horoscopes since 2019. Since 2022, I have also been writing about entertainment, lifestyle, and trending news.