নয়ের দশকের প্রজন্মের কাছে ফাল্গুনী পাঠক মানেই নস্ট্যালজিয়া। তাঁর মিষ্টি কণ্ঠের গান আজও সঙ্গীতপ্রেমীদের মনে একইভাবে জায়গা করে রয়েছে। কলেজের প্রেম থেকে প্রেমিক-প্রেমিকার মান-অভিমান—নব্বইয়ের দশকের সেই আবেগ যেন ফিরে আসে তাঁর গানের হাত ধরে। সময়ের সঙ্গে গানের ধরন বদলালেও ফাল্গুনী পাঠক(Falguni Pathak)-এর জনপ্রিয়তায় অবশ্য ভাটা পড়েনি।
আর সেই জনপ্রিয়তারই যেন প্রমাণ মিলছে ২০২৬ সালের নবরাত্রির গরবা অনুষ্ঠানের টিকিটের দামে। মুম্বইয়ে আগামী ১১ অক্টোবর থেকে ১৯ অক্টোবর পর্যন্ত আয়োজিত হতে চলেছে ফাল্গুনী পাঠকের নবরাত্রি স্পেশাল গরবা। অনুষ্ঠানের টিকিটের সর্বোচ্চ দাম পৌঁছেছে প্রায় ২.০৮ লক্ষ টাকা-য়। ফলে বিশ্বখ্যাত পপ তারকাদের কনসার্টের টিকিটের দামের সঙ্গেও তুলনা শুরু হয়েছে।
বুকমাইশো-র তথ্য অনুযায়ী, নয় দিনের সিজন পাসের প্রথম পর্যায়ের অর্থাৎ ‘ফেজ ওয়ান’-এর দাম ছিল জনপ্রতি ১৬ হাজার টাকা। ‘ফেজ টু’-এর সিজন পাসের মূল্য ১৮ হাজার টাকা। শুধু একটি রাতের অনুষ্ঠানে যোগ দিতে চাইলে প্রথম পর্যায়ে টিকিটের দাম শুরু হচ্ছে ২,২০০ টাকা থেকে। এর সঙ্গে প্রযোজ্য অতিরিক্ত করও দিতে হবে।
ফাল্গুনী পাঠকের গরবার সবচেয়ে দামি টিকিটটি হল ‘POD’ প্যাকেজ। এক রাতের জন্য এই প্যাকেজের দাম ২.০৪ লক্ষ টাকা। তবে এটি ব্যক্তিগত টিকিট নয়—একটি POD-তে একসঙ্গে ১২ জন অংশ নিতে পারবেন। এই প্যাকেজের সঙ্গে থাকছে ১০ হাজার টাকা মূল্যের খাবার ও পানীয়ের কুপন। তবে প্যাকেজটি নির্দিষ্ট দিনের অনুষ্ঠানের জন্যই বৈধ।
টিকিটের দাম নিয়ে সমাজমাধ্যমে বিতর্ক
টিকিটের দাম প্রকাশ্যে আসতেই সমাজমাধ্যমে শুরু হয়েছে জোর আলোচনা। অনেকেরই বক্তব্য, ফাল্গুনী পাঠকের গরবার জনপ্রিয়তা নিয়ে প্রশ্ন নেই, কিন্তু এত চড়া দামের কারণে অনুষ্ঠানটি সাধারণ মধ্যবিত্ত পরিবারের নাগালের বাইরে চলে যাচ্ছে। অনেকেই আবার অনুষ্ঠানের ভেন্যু জিও ওয়ার্ল্ড কনভেনশন সেন্টার বেছে নেওয়ার বিষয়টিকেও টিকিটের চড়া দামের অন্যতম কারণ হিসেবে দেখছেন। একইসঙ্গে ফাল্গুনী পাঠকের কাছেও টিকিটের মূল্য নিয়ে বিষয়টি দেখার অনুরোধ জানিয়েছেন অনেকে।
ফাল্গুনী পাঠকের গরবা প্রতি বছরই বিপুল দর্শক টানে। কিন্তু ২০২৬ সালের নবরাত্রি উৎসবের টিকিটের এই আকাশছোঁয়া দাম ইতিমধ্যেই তাঁর অনুষ্ঠানকে ঘিরে নতুন বিতর্কের জন্ম দিয়েছে।

Hello friends, Myself Biplab. I have been writing horoscopes since 2019. Since 2022, I have also been writing about entertainment, lifestyle, and trending news.