মায়ানগরীতে এখন চর্চার কেন্দ্রে গোবিন্দা ও তাঁর স্ত্রী সুনীতা আহুজার দাম্পত্যের টানাপোড়েন। এর মাঝেই নতুন করে আলোচনায় এসেছে গোবিন্দার ছেলে যশবর্ধনের বিয়ের খবর। গুঞ্জন ছড়ায়, কৌতুক অভিনেতা জনি লিভারের মেয়ে তথা অভিনেত্রী জেমি লিভারের সঙ্গে নাকি বিয়ে হতে চলেছে তাঁর। তবে গোটা বিষয়টাই যে ভুয়ো, তা স্পষ্ট করে দিয়েছেন জেমি নিজেই।
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় বেশ কিছু ছবি ও ভিডিও ছড়িয়ে পড়ে। সেখানে জেমি ও যশবর্ধনকে বিয়ের সাজে দেখানো হয়। সেই ছবি-ভিডিও ঘিরেই শুরু হয় জল্পনা। এমনকি অনেকেই ধরে নেন, শীঘ্রই গোবিন্দার পুত্রবধূ হতে চলেছেন জেমি লিভার। কিন্তু পরে জানা যায়, ওই সমস্ত ছবি ও ভিডিও আসলে কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI-এর সাহায্যে তৈরি। বিষয়টি নিয়ে ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করে নিজের অবস্থান স্পষ্ট করেন জেমি।
জেমি জানান, প্রথম দিকে AI দিয়ে তৈরি ভিডিওগুলি দেখে তিনিও বেশ মজা পেয়েছিলেন। এমনকি তাঁর তুতো ভাইবোনদের সঙ্গেও সেগুলি শেয়ার করে হাসাহাসি করেছিলেন। কিন্তু পরিস্থিতি জটিল হয়ে যায় যখন বহু মানুষ তাঁকে ফোন করে এবং বিয়ের জন্য শুভেচ্ছা জানাতে শুরু করেন। অভিনেত্রীর কথায়, অনেকে তাঁর বিয়ে কবে হচ্ছে তা জানতে চাইছেন। এমনকি যাঁরা তাঁকে বিয়ের প্রস্তাব দিতে চেয়েছিলেন, তাঁরাও নাকি যোগাযোগ বন্ধ করে দিয়েছেন। কারণ, তাঁরা ভেবে নিয়েছেন জেমির বিয়ে ইতিমধ্যেই ঠিক হয়ে গিয়েছে।
আরও পড়ুন,
বকেয়া টাকা চাওয়ায় কাঠমিস্ত্রিকে মারধরের অভিযোগ, সোহম চক্রবর্তীর বিরুদ্ধে এফআইআর
জেমি আরও জানান, AI নির্মাতাদের সৃজনশীলতার প্রশংসা করলেও এই ভুয়ো ভিডিওগুলি এবার সরিয়ে ফেলা উচিত। তাঁর দাবি, ভিডিওগুলিতে তাঁকে বধূবেশে দেখানো হয়েছে এবং গোটা বিষয়টি সম্পূর্ণ কাল্পনিক। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি পরিষ্কার করে জেমি বলেন, যশবর্ধনের সঙ্গে তাঁর বিয়ের খবর সম্পূর্ণ ভুল। যাঁর সঙ্গে তাঁকে বিয়ে দেওয়া হচ্ছে, তিনি তাঁর ছোট ভাই। তাঁদের মধ্যে কোনও প্রেম বা বিয়ের সম্পর্ক নেই। বরং তাঁরা একটি ছবিতে একসঙ্গে কাজও করছেন।
জেমির কথায়, যশবর্ধন তাঁর থেকে অনেকটাই ছোট। তাই এ ধরনের AI-নির্মিত ভুয়ো ভিডিও তৈরি করে বিভ্রান্তি ছড়ানোয় তিনি বিরক্ত। যাঁরা এই খবর শুনে খুশি হয়েছিলেন, তাঁদের কাছেও দুঃখপ্রকাশ করে অভিনেত্রী স্পষ্ট করে দিয়েছেন—বিয়ের এই খবরের কোনও সত্যতা নেই। গোবিন্দা ও সুনীতা আহুজার দাম্পত্য নিয়ে যখন নানা জল্পনা চলছে, ঠিক সেই সময়েই ছেলের বিয়েকে ঘিরে এমন ভুয়ো খবর নতুন করে আলোচনায় আসে। তবে জেমির বক্তব্যের পর আপাতত সেই জল্পনায় জল ঢালল।

Hello friends, Myself Biplab. I have been writing horoscopes since 2019. Since 2022, I have also been writing about entertainment, lifestyle, and trending news.