রিল পোস্টের ঘণ্টাখানেক পরেই প্রকাশ্যে গুলিতে খুন হরিয়ানভি গায়ক

উত্তরপ্রদেশের শামলী জেলায় প্রকাশ্যে গুলি করে খুন করা হল ৩২ বছরের হরিয়ানভি গায়ক ও জনপ্রিয় ইউটিউবার অঙ্কিত বালিয়ানকে। বুধবার সন্ধ্যায় জিম থেকে বেরিয়ে নিজের SUV-এর দিকে যাওয়ার সময় চারজন সশস্ত্র দুষ্কৃতী তাঁকে লক্ষ্য করে হামলা চালায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, আততায়ীরা গাড়ির দরজা জোর করে খুলে অঙ্কিতকে লক্ষ্য করে অন্তত ১৮ রাউন্ড গুলি চালায়। এর মধ্যে পাঁচটি গুলি তাঁর শরীরে লাগে। রক্তাক্ত অবস্থায় অঙ্কিতকে দ্রুত নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। তবে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।

জানা গিয়েছে, বুধবার সন্ধ্যা ৭টা নাগাদ আর্যপুরী খালের বাঁধের কাছে ঘটনাটি ঘটে। জিম থেকে বেরিয়ে অঙ্কিত তাঁর SUV-এর দিকে এগোচ্ছিলেন। সেই সময় আগে থেকেই ওত পেতে থাকা চার দুষ্কৃতী তাঁর উপর হামলা চালায় বলে পুলিশ সূত্রে খবর। অঙ্কিতকে লক্ষ্য করে পরপর গুলি চালিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় হামলাকারীরা। গোটা ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে।

অঙ্কিতের মৃত্যুর পর তাঁর সোশ্যাল মিডিয়ার শেষ পোস্ট ঘিরেও শুরু হয়েছে চর্চা। হত্যাকাণ্ডের কিছুক্ষণ আগে নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে একটি রিল পোস্ট করেছিলেন তিনি। সেখানে গাড়ির মধ্যে বসে একটি গানের কয়েকটি লাইন গাইতে শোনা যায় তাঁকে। ভিডিয়োটিতে তিনি গাইছিলেন—‘মার্ডার মার দে সড়ক কে উপর…’। এই পোস্টের প্রায় ঘণ্টাখানেক পরেই রাস্তায় প্রকাশ্যে তাঁকে গুলি করে খুন করা হয়। ফলে শেষ পোস্টটিকে ঘিরে স্বাভাবিকভাবেই নানা প্রশ্ন উঠেছে।

এই হত্যাকাণ্ডের দায় ‘গোগী গ্যাং’ স্বীকার করেছে বলে দাবি করা হচ্ছে। গ্যাংস্টার জিতেন্দ্র গোগীর সঙ্গে যুক্ত এই গোষ্ঠীর নামে একটি সোশ্যাল মিডিয়া পোস্ট ছড়িয়ে পড়েছে। সেখানে দাবি করা হয়েছে, রোহিণী আদালতের ভিতরে খুন হওয়া গ্যাংস্টার জিতেন্দ্র গোগীকে নিয়ে একটি গান তৈরি করেছিলেন অঙ্কিত। সেই কারণেই তাঁকে প্রতিশোধের শিকার হতে হয়েছে।

তবে ওই সোশ্যাল মিডিয়া পোস্টের সত্যতা এখনও নিশ্চিত করেনি পুলিশ। শামলী পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে।

অঙ্কিতের খুনের পিছনে পুরনো কোনও শত্রুতা ছিল কি না, তা-ও তদন্ত করে দেখছে পুলিশ। পাশাপাশি আসন্ন পঞ্চায়েত নির্বাচনে অঙ্কিত নিজে লড়াই করার পরিকল্পনা করছিলেন কি না, সেই বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে। ফলে ব্যক্তিগত শত্রুতা থেকে রাজনৈতিক বিরোধ—একাধিক সম্ভাবনাই তদন্তের আওতায় রাখা হয়েছে।

শামলীর জবান্টিক্রেরা গ্রামের বাসিন্দা অঙ্কিত বালিয়ান হরিয়ানভি গান এবং তথাকথিত ‘গান কালচার’ বা অস্ত্রকেন্দ্রিক গানের জন্য তরুণদের মধ্যে পরিচিত ছিলেন। সোশ্যাল মিডিয়াতেও তাঁর যথেষ্ট জনপ্রিয়তা ছিল। ইনস্টাগ্রামে তাঁর ৪ লক্ষ ৪০ হাজারের বেশি ফলোয়ার এবং ইউটিউবে ৩.৬৭ লক্ষের বেশি সাবস্ক্রাইবার রয়েছে।

জনপ্রিয় এই গায়কের এভাবে প্রকাশ্যে গুলিতে মৃত্যুর ঘটনায় স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে তাঁর খুনের আসল কারণ নিয়ে। পুলিশ এখন হামলাকারীদের শনাক্ত ও গ্রেফতারের পাশাপাশি হত্যাকাণ্ডের নেপথ্যের কারণ খুঁজে বের করার চেষ্টা করছে।

শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক