রাখিবন্ধন উপলক্ষে পোশাক নিয়ে বিতর্ক যেন পিছু ছাড়ছে না বলিউড অভিনেত্রীদের। কিছু দিন আগেই রাখিবন্ধনের একটি বিজ্ঞাপনে পোশাক নিয়ে কটাক্ষের মুখে পড়েছিলেন কৃতি সেনন। এ বার একই ধরনের সমালোচনার মুখে অভিনেত্রী সেলিনা জেটলি। রাখির দিন বিশেষ ভাবে সক্ষমদের সঙ্গে সময় কাটানোর একটি ভিডিয়ো সমাজমাধ্যমে পোস্ট করতেই তাঁর পোশাক নিয়ে সরব হয়েছেন একাংশের নেটাগরিক। রাখিবন্ধন উপলক্ষে একটি স্বেচ্ছাসেবী সংস্থায় গিয়েছিলেন সেলিনা। সেখানে বিশেষ ভাবে সক্ষম মানুষদের সঙ্গে সময় কাটানোর পাশাপাশি তাঁদের হাতে রাখি পরিয়ে দেন অভিনেত্রী। সেই বিশেষ মুহূর্তের ভিডিয়ো সমাজমাধ্যমে ভাগ করে নেন তিনি।
পোস্টের সঙ্গে সেলিনা লেখেন, রাখিবন্ধনের দিনটি তাঁর প্রিয় কিছু মানুষের সঙ্গে কাটিয়েছেন। এমন জায়গায় গেলে তিনি নতুন করে শক্তি ও সাহস পান বলেও জানান অভিনেত্রী। একইসঙ্গে ২০২৪ সালের পর থেকে তাঁর কাছে রাখিবন্ধন আর আগের মতো নেই বলেও উল্লেখ করেন তিনি। সেলিনা জানান, ক্যানসার জয় করে ফিরে আসা ছোট ছোট ছেলেমেয়ে এবং বিশেষ ভাবে সক্ষম মানুষদের দেখে তিনি বার বার জীবনে শক্ত থাকার প্রকৃত অর্থ উপলব্ধি করেন। নিজের কষ্ট ও অভিযোগ তাঁদের সামনে খুবই ছোট বলে মনে হয় বলেও আবেগঘন বার্তা দেন অভিনেত্রী।
তবে সেলিনার এই মানবিক উদ্যোগের বদলে নজর পড়ে তাঁর পোশাকে। ভিডিয়োয় ফুলেল শাড়ির সঙ্গে হাতাকাটা ডিপনেক ব্লাউজ়ে দেখা যায় অভিনেত্রীকে। এই পোশাক নিয়েই আপত্তি জানান একাংশের নেটাগরিক। তাঁদের অভিযোগ, হিন্দু উৎসবের দিনে এমন পোশাক ও সাজ যথাযথ নয়। এক নেটাগরিক কটাক্ষ করে লেখেন, কৃতি সেননের পর এ বার সেলিনা জেটলিও খোলামেলা পোশাকে রাখিবন্ধন পালন করছেন। তাঁর পোশাক, কপালে টিপ না থাকা, হাতে চুড়ি বা রাখি না থাকার মতো বিষয় নিয়েও প্রশ্ন তোলা হয়। একইসঙ্গে হিন্দু উৎসবের সংস্কৃতি ও ঐতিহ্যকে সম্মান করার কথাও বলেন ওই ব্যক্তি।

অন্য এক নেটাগরিকের বক্তব্য, বিতর্কের পরেও বলিউডের তারকারা একই ধরনের ভুল বার বার করছেন। উৎসব পালন করা ভালো, তবে সেই উৎসবের ঐতিহ্য ও মানুষের ভাবাবেগের প্রতিও সম্মান থাকা উচিত বলে মন্তব্য করেন তিনি। আরও এক জন সেলিনাকে ব্যক্তিগত ভাবে আক্রমণ করে তাঁর পোশাক নিয়ে কটাক্ষ করেন। তবে নেটমাধ্যমে সমালোচনা হলেও অভিনেত্রীর মূল পোস্টের বিষয় ছিল বিশেষ ভাবে সক্ষম মানুষদের সঙ্গে রাখিবন্ধনের আনন্দ ভাগ করে নেওয়া।
এ দিকে সেলিনার ব্যক্তিগত জীবনেও রাখিবন্ধন এখন যথেষ্ট আবেগঘন। একাধিক পোস্টে তিনি জানিয়েছেন, ২০২৪ সালের পর থেকে তাঁর ভাইয়ের সঙ্গে আর দেখা হয়নি। তিনি দুবাইতে আটকে রয়েছেন এবং দীর্ঘ সময় ধরে ভাইয়ের সঙ্গে দেখা করা তো দূরের কথা, তাঁর কণ্ঠস্বরও শুনতে পারেননি বলে দাবি করেছেন অভিনেত্রী।
সেলিনা আরও জানিয়েছেন, একজন বোন হিসেবে ভাইয়ের জন্য যা যা করা সম্ভব, তিনি সবই করেছেন। তাঁর ভাই তাঁর কাছে সবকিছু। নিজের দুই সন্তানকে বাদ দিলে ভাইকেই নিজের একমাত্র পরিবার বলে মনে করেন অভিনেত্রী। তাই এবারের রাখিবন্ধনও তাঁর কাছে আনন্দের পাশাপাশি গভীর আবেগের হয়ে উঠেছে।

Hello friends, Myself Biplab. I have been writing horoscopes since 2019. Since 2022, I have also been writing about entertainment, lifestyle, and trending news.