পৃথিবীর জীববৈচিত্র্যের ভাণ্ডারে এখনও কত অজানা প্রাণী লুকিয়ে রয়েছে, তারই নতুন প্রমাণ মিলল ভারতে। কর্ণাটকের মোকাম্বিকা অভয়ারণ্যে আবিষ্কৃত হয়েছে এমন এক মিষ্টি জলের কাঁকড়া, যার অস্তিত্বের কথা আগে জানা ছিল না বিজ্ঞানীদের। গাঢ় বেগুনি রঙের এই কাঁকড়াটির নাম দেওয়া হয়েছে ‘ঘাটিয়ানা কর্ণাটকা’। জঙ্গলে নিয়মিত টহলদারির সময় একটি পাথরের খাঁজে বনকর্মীদের নজরে আসে ছোট্ট এই প্রাণীটি। জায়গাটি ছিল স্যাঁতস্যাঁতে। প্রথম দেখাতেই কাঁকড়া বলে চিনতে পারলেও তার অস্বাভাবিক গাঢ় বেগুনি রং নজর কাড়ে বনকর্মীদের। এমন কাঁকড়া আগে কখনও চোখে পড়েনি তাঁদের।
বিষয়টি নিয়ে নিশ্চিত হতে প্রাণীটির নমুনা বিশেষজ্ঞদের কাছে পাঠানো হয়। পরীক্ষা-নিরীক্ষার পর গবেষকেরা নিশ্চিত করেন, এটি কোনও পরিচিত প্রজাতির কাঁকড়া নয়। বরং এটি সম্পূর্ণ নতুন একটি প্রজাতি। অর্থাৎ, পৃথিবীতে এর আগে এই কাঁকড়ার বৈজ্ঞানিকভাবে নথিভুক্ত কোনও অস্তিত্ব ছিল না। নতুন প্রজাতিটির নাম রাখা হয়েছে ঘাটিয়ানা কর্ণাটকা। এটি একটি মিষ্টি জলের কাঁকড়া এবং পশ্চিমঘাট পর্বতমালার জীববৈচিত্র্যের এক গুরুত্বপূর্ণ নতুন সংযোজন হিসেবে ধরা হচ্ছে।
এই কাঁকড়ার সবচেয়ে আকর্ষণীয় বৈশিষ্ট্য তার গায়ের রং। বিশেষ করে পুরুষ কাঁকড়াদের শরীরের রং গাঢ় বেগুনি। তার উপর রয়েছে গোলাপি রঙের একটি ‘V’ আকৃতির চিহ্ন। সবুজে ঘেরা পশ্চিমঘাটের অরণ্যে এমন রঙের প্রাণী স্বাভাবিকভাবেই আলাদা করে নজর কাড়ে।
আরও পড়ুন,
লেপার্ডের পিঠে বসে মানুষ! ১১ হাজার বছরের প্রাচীন মূর্তি ঘিরে নতুন রহস্য
গবেষকদের মতে, এই কাঁকড়াগুলি সাধারণত স্যাঁতস্যাঁতে পরিবেশে থাকতে পছন্দ করে। ভেজা গাছ, পাথরের খাঁজ কিংবা জলাভূমির মতো জায়গায় তাদের দেখা মিলতে পারে।

পশ্চিমঘাট বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জীববৈচিত্র্যপূর্ণ অঞ্চল। সেখানে এখনও বহু অজানা প্রাণী ও উদ্ভিদ রয়েছে বলে মনে করেন বিজ্ঞানীরা। মোকাম্বিকা অভয়ারণ্যে এই নতুন কাঁকড়ার সন্ধান ফের মনে করিয়ে দিল, প্রকৃতির এই বিশাল ভাণ্ডারে এখনও কত রহস্য আবিষ্কারের অপেক্ষায় রয়েছে।

Hello friends, Myself Biplab. I have been writing horoscopes since 2019. Since 2022, I have also been writing about entertainment, lifestyle, and trending news.