বাংলা টেলিভিশনের জনপ্রিয় ধারাবাহিক ‘কনে দেখা আলো’ শেষের পথে। ধারাবাহিকের শ্যুটিং শেষ হয়ে গেলেও দর্শকদের মনে এখনও জায়গা করে রয়েছে লাজু ও অনুভবের জুটি। এবার ফের একসঙ্গে দেখা গেল সাইনা চট্টোপাধ্যায় ও সোমরাজ মাইতিকে। প্রিয় ‘সাইরাজ’-কে এক ফ্রেমে দেখে উচ্ছ্বসিত নেটপাড়া।
শ্যুটিং শেষ হওয়ার পর সোশ্যাল মিডিয়ায় একটি ছবি পোস্ট করেছেন সাইনা চট্টোপাধ্যায়। ছবিতে তাঁকে দেখা যাচ্ছে সোনালি রঙের টপ ও কালো লেদার স্কার্টে। খোলা চুলে বেশ নজরকাড়া লাগছিলেন অভিনেত্রী। অন্যদিকে সোমরাজ মাইতির পরনে ছিল কালো শার্ট ও কালো ট্রাউজার্স। অর্থাৎ দু’জনের পোশাকেই ছিল কালোর ছোঁয়া। ছবির ক্যাপশনে সাইনা লিখেছেন, ‘উই মিট এগেইন’। ব্যস, এই একটি ছবিই ফের উসকে দিয়েছে দর্শকদের পুরনো ‘সাইরাজ’ আবেগ।
ছবি প্রকাশ্যে আসতেই অনুরাগীদের একাংশ আবেগঘন মন্তব্য করেছেন। কেউ লিখেছেন, বহুদিন পর যেন তাঁদের জীবনে স্বস্তির বৃষ্টি নেমেছে। আবার কেউ সাইনা-সোমরাজকে নতুন কোনও ধারাবাহিকে ফের জুটি হিসেবে দেখার আবেদন জানিয়েছেন। অনেকেরই দাবি, দু’জনকে একসঙ্গে বেশ মানায়।
২১ সেপ্টেম্বর শেষ ‘কনে দেখা আলো’
আগামী ২১ সেপ্টেম্বর জি বাংলায় সম্প্রচারিত হবে ‘কনে দেখা আলো’-র শেষ এপিসোড। ইতিমধ্যেই শেষ পর্বের প্রোমো সামনে এসেছে। সেখানে দেখা যাচ্ছে, বিয়ের লগ্ন এগিয়ে চললেও মণ্ডপে এখনও উপস্থিত হয়নি লাজু। ফোনে অনুভব যোগাযোগ করলে লাজু জানায়, সে কখন মণ্ডপে পৌঁছতে পারবে, তা সে নিজেও জানে না। এই প্রোমো সামনে আসার পর থেকেই দর্শকদের মধ্যে তৈরি হয়েছে নানা জল্পনা। শেষ পর্যন্ত লাজু ও অনুভবের বিয়ে হবে কি না, সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন।

‘কনে দেখা আলো’ হঠাৎ শেষ করার সিদ্ধান্ত নেওয়ায় মন খারাপ দর্শকদের। শ্যুটিংয়ের শেষ দিনে সাইনা সোশ্যাল মিডিয়ায় নিজের আবেগের কথা জানিয়েছিলেন। তিনি লিখেছিলেন, একটি সিরিয়াল শেষ হয়ে গেলেও সেই যাত্রাপথে তৈরি হওয়া ভালোবাসা ও স্মৃতি থেকে যায়। দর্শকদের হাসি, উৎসাহ এবং নানা পরিস্থিতিতে পাশে থাকার কথাও উল্লেখ করেছিলেন অভিনেত্রী। সাইনা আরও জানিয়েছিলেন, ‘কনে দেখা আলো’-র মাধ্যমে তিনি ও সোমরাজ যে ভালোবাসা, সমর্থন ও আস্থা পেয়েছেন, তার জন্য দর্শকদের ধন্যবাদ জানানোর মতো ভাষা তাঁর কাছে নেই।
‘সাইরাজ’ জুটির জনপ্রিয়তা
‘কনে দেখা আলো’-য় লাজুর চরিত্রে অভিনয় করে দর্শকদের ঘরে ঘরে পরিচিত হয়ে ওঠেন সাইনা চট্টোপাধ্যায়। তাঁর বিপরীতে অনুভবের চরিত্রে ছিলেন সোমরাজ মাইতি। ধারাবাহিকের গল্পে তাঁদের জুটি দর্শকদের কাছে জনপ্রিয় হয়ে ওঠে। এর আগে অবশ্য ‘অনুরাগের ছোঁয়া’ ধারাবাহিকেও কিছুদিন কাজ করেছিলেন সাইনা। তবে ‘কনে দেখা আলো’ তাঁকে নতুন করে দর্শকের কাছে পরিচিতি এনে দেয়।
ধারাবাহিক শেষ হলেও সাইনা-সোমরাজের জুটির জনপ্রিয়তা যে এখনও অটুট, সোশ্যাল মিডিয়ায় তাঁদের নতুন ছবি ঘিরে দর্শকদের উচ্ছ্বাসই তার প্রমাণ। এদিকে সাইনা ইতিমধ্যেই কোয়েল মল্লিক ও পরমব্রত চট্টোপাধ্যায়ের সঙ্গে একটি সিনেমায় কাজ করছেন। সোমরাজের পরবর্তী কাজের বিষয়ে এখনও কোনও আনুষ্ঠানিক ঘোষণা সামনে আসেনি।

Hello friends, Myself Biplab. I have been writing horoscopes since 2019. Since 2022, I have also been writing about entertainment, lifestyle, and trending news.