বলিউডের তারকা অভিনেতা সলমন খানকে ঘিরে ফের শুরু হয়েছে বিতর্ক। সম্প্রতি ‘বিগ বস’-এর মঞ্চে সোশ্যাল মিডিয়ায় তারকাদের ট্রোলিং এবং বডি শেমিং নিয়ে সরব হয়েছিলেন সলমন। বিশেষ করে অভিনেত্রী ক্যাটরিনা কাইফের সন্তান জন্মের পর ওজন বেড়ে যাওয়া নিয়ে কটাক্ষকারীদেরও জবাব দেন তিনি। এবার সলমনের সেই বক্তব্য ও কর্মকাণ্ডের তীব্র সমালোচনা করলেন কৌতুকশিল্পী সুনীল পাল।
সম্প্রতি একটি অনুষ্ঠানে পাপারাজ্জিদের সঙ্গে কথা বলার সময় সলমনকে নিয়ে নিজের মতামত জানান সুনীল। তাঁর দাবি, সলমন খান আজ যে জায়গায় পৌঁছেছেন, তার পিছনে রয়েছে সাধারণ দর্শক এবং ভারতের মানুষের ভালোবাসা। সুনীলের কথায়, “আমরা সলমন খানকে তৈরি করেছি, সলমন খান আমাদের তৈরি করেননি। সলমন খান আজ আমাদের সকলের কারণে, ভারতের জনগণের কারণেই একজন তারকা।” এরপরই বলিউডের বড় বাজেটের ছবি এবং বক্স অফিস ব্যবসা নিয়ে প্রশ্ন তোলেন তিনি। ‘হনুমান’ ছবির উদাহরণ টেনে সুনীল বলেন, অল্প বাজেটে তৈরি সেই ছবি বিপুল ব্যবসা করেছে। অথচ কয়েকশো কোটি টাকা বাজেটের ছবিও অনেক সময় প্রত্যাশিত আয় করতে পারছে না। এই প্রসঙ্গেই সলমন খান, শাহরুখ খান-সহ বড় তারকাদের উদ্দেশে কড়া বার্তা দেন তিনি।
সুনীলের বক্তব্য, “আপনাদের লজ্জা হওয়া উচিত। সলমন খান, শাহরুখ খান, সবাই, দয়া করে এর থেকে একটি শিক্ষা নিন।”
শুধু বড় তারকাদেরই নয়, চলচ্চিত্র ইন্ডাস্ট্রির বর্তমান ব্যবস্থারও সমালোচনা করেন সুনীল। তাঁর অভিযোগ, বড় তারকারা এবং কর্পোরেট সংস্থাগুলি ইন্ডাস্ট্রিতে এতটাই প্রভাবশালী হয়ে উঠেছে যে ছোট নির্মাতাদের জন্য ছবি তৈরি ও দর্শকের কাছে পৌঁছনোর সুযোগ কমে যাচ্ছে। ‘হনুমান’ ছবির সাফল্যের পিছনে ভগবান হনুমান ও নিম করোলি বাবার আশীর্বাদের কথাও উল্লেখ করেন তিনি। এখানেই থেমে থাকেননি সুনীল। জনপ্রিয় রিয়্যালিটি শো ‘বিগ বস’ নিয়েও সরব হন তিনি। তাঁর দাবি, অনুষ্ঠানটিতে এমন অনেক সেলিব্রিটিকে আনা হয়, যাঁদের ঘিরে বিতর্ক তৈরি হয় এবং পরে তাঁদেরই তারকা হিসেবে প্রতিষ্ঠা দেওয়া হয়। সুনীলের মতে, ‘বিগ বস’ বন্ধ করে দেওয়া উচিত।
ক্যাটরিনার বডি শেমিং নিয়ে কী বলেছিলেন সলমন?
সম্প্রতি ‘উইকেন্ড কা ভার’-এর মঞ্চে সোশ্যাল মিডিয়ায় তারকাদের চেহারা নিয়ে ট্রোলিং প্রসঙ্গে কথা বলেন সলমন খান। নিজের চেহারা নিয়েও কীভাবে তাঁকে কটাক্ষের মুখে পড়তে হয়েছে, সেই প্রসঙ্গও তুলে ধরেন অভিনেতা। এরপর ক্যাটরিনা কাইফের সন্তান জন্মের পর তাঁর ওজন বেড়ে যাওয়া নিয়ে সোশ্যাল মিডিয়ায় হওয়া কটাক্ষের প্রসঙ্গ ওঠে। সলমন বলেন, সন্তান জন্মের পর ওজন বাড়া স্বাভাবিক বিষয়। সিনেমায় ফেরার সময় ক্যাটরিনা আবার আগের মতো ফিট হয়ে উঠবেন বলেও মন্তব্য করেন তিনি। একইসঙ্গে অভিনেত্রীর পরিবারের সঙ্গে সময় কাটানোর ইচ্ছাকেও গুরুত্ব দেন সলমন।
সলমনের এই মন্তব্যের পরই তাঁকে নিয়ে কড়া প্রতিক্রিয়া জানালেন সুনীল পাল। ফলে সলমন বনাম সুনীলের এই মন্তব্য ঘিরে ফের আলোচনায় এসেছে বলিউডের তারকা সংস্কৃতি, বডি শেমিং এবং ‘বিগ বস’-এর মতো জনপ্রিয় রিয়্যালিটি শো।

Hello friends, Myself Biplab. I have been writing horoscopes since 2019. Since 2022, I have also been writing about entertainment, lifestyle, and trending news.