‘বিগ বস বাংলা’কে ঘিরে দর্শকদের উত্তেজনা এখন তুঙ্গে। দিন যত এগোচ্ছে, ততই জমে উঠছে প্রতিযোগীদের মধ্যে লড়াই, সম্পর্কের সমীকরণ এবং নানা বিতর্ক। বিশেষ করে রাজবীর দে ও নন্দিনীকে ঘিরে প্রেমের গুঞ্জন এখন চর্চার কেন্দ্রবিন্দুতে। এবার তাঁদের সম্পর্ক নিয়ে মুখ খুললেন স্বয়ং শোয়ের সঞ্চালক সৌরভ গঙ্গোপাধ্যায়। যদিও সরাসরি কোনও মন্তব্য করতে রাজি হলেন না তিনি। বরং মজার ছলেই দিলেন কৌশলী জবাব।
বৃহস্পতিবার স্ত্রী ডোনা গঙ্গোপাধ্যায়কে সঙ্গে নিয়ে শহরের একটি প্রেক্ষাগৃহে ‘দৃশ্যম ৩’ দেখতে গিয়েছিলেন সৌরভ। সেখানে দুজনকে একসঙ্গে পেয়ে সংবাদমাধ্যমের প্রতিনিধিরা ঘিরে ধরেন। স্বাভাবিকভাবেই আলোচনায় উঠে আসে ‘বিগ বস বাংলা’। ডোনা জানান, তিনি নিয়মিত এই রিয়্যালিটি শো দেখেন। পাশাপাশি স্বামীর সঞ্চালনাও তাঁর বেশ পছন্দের। এরপর সৌরভকে প্রশ্ন করা হয়, বিগ বসের ঘরে তাঁর সবচেয়ে প্রিয় প্রতিযোগী কে? উত্তরে দাদা বলেন, ”আমার সবাই পছন্দ।” অর্থাৎ কোনও একজনের নাম আলাদা করে বলতে চাননি তিনি। এরপরই রাজবীর ও নন্দিনীর সম্পর্ক নিয়ে প্রশ্ন করা হলে বিষয়টি এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন সৌরভ। তাঁর কথায়, ”এখানে এসব বলা যাবে না, টেলিভিশনের জিনিস টেলিভিশনেই থাক।”
তবে সাংবাদিকরা যখন বলেন, রাজবীর ও নন্দিনীর সম্পর্ক দেখতে বেশ মিষ্টি লাগে, যদি সত্যিই তাঁদের মধ্যে প্রেম থাকে, তাহলে কেমন লাগবে? সেই প্রশ্নের উত্তরে সৌরভের সংক্ষিপ্ত জবাব, ”আগে রিয়েল হোক, তারপর দেখা যাবে।” দাদার এই মন্তব্য ঘিরে নতুন করে চর্চা শুরু হয়েছে। আসলে বিগ বসের ঘরে রাজবীর ও নন্দিনীর ঘনিষ্ঠতা নিয়ে দর্শকদের মধ্যে নানা মত রয়েছে। অনেকেরই ধারণা, এই সম্পর্কের পিছনে গেমের কৌশল থাকতে পারে। যদিও দুই প্রতিযোগীর পরিবারের মনোভাব বেশ ইতিবাচক। রাজবীরের মা এবং নন্দিনীর বাবা-মা জানিয়েছেন, শো শেষ হওয়ার পরেও যদি দুজনে সম্পর্ক এগিয়ে নিয়ে যেতে চান, তাতে তাঁদের কোনও আপত্তি নেই। বরং ছেলে-মেয়ের সিদ্ধান্তকেই তাঁরা গুরুত্ব দেবেন।
এদিকে, কাজের ব্যস্ততার মধ্যেও নিজের সিনেমা দেখার শখ বজায় রেখেছেন সৌরভ। ক্রিকেটের পাশাপাশি বর্তমানে বিনোদন জগতেও বেশ ব্যস্ত তিনি। স্ত্রী ডোনাকে নিয়ে মাঝেমধ্যেই প্রেক্ষাগৃহে সিনেমা দেখতে যান দাদা। জানা যায়, শান্তিতে ছবি উপভোগ করার জন্য অনেক সময় রাতের শো বেছে নেন তাঁরা। বলিউডের একাধিক তারকার অভিনয়েরও ভক্ত সৌরভ।
অন্যদিকে, ‘বিগ বস বাংলা’ এখন পৌঁছে গিয়েছে ফাইনালের দৌড়ে। প্রতি শুক্রবার মুম্বইয়ে গিয়ে শুটিং করেন সৌরভ। সেখানেই শনি ও রবিবারের বিশেষ পর্বের শুটিং সম্পন্ন হয়। এরপর শনিবার কলকাতায় ফিরে আসেন তিনি।

এখন প্রতিযোগীদের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ টিকে থাকা। চলতি সপ্তাহের নমিনেশন তালিকায় রয়েছেন রাজবীর, নন্দিনী, সৃজলা এবং তনুশ্রী। ফলে কার যাত্রা শেষ হবে, তা নিয়ে দর্শকদের মধ্যে জল্পনা তুঙ্গে। বিশেষ করে সাধারণ প্রতিযোগী তনুশ্রী কি আবারও তারকাদের টেক্কা দিয়ে ঘরে টিকে থাকতে পারবেন? সেই উত্তর পেতে অপেক্ষা করতে হবে পরবর্তী পর্বের জন্য।

Hello friends, Myself Biplab. I have been writing horoscopes since 2019. Since 2022, I have also been writing about entertainment, lifestyle, and trending news.